২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইন্টারনেট ব্যবসার আড়ালে হিযবুতের কার্যক্রম

চট্টগ্রামে ইন্টারনেট সংযোগের ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিল নিষিদ্ধ ঘোষিত সংগঠন হিযবুত তাহরীর।

উত্তম সেন গুপ্ত

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2019, 09:51 PM

Updated : 08 Apr 2022, 05:06 PM

সংগঠনটির শীর্ষ পর্যায়ের দুই নেতাসহ ১৫ জনকে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, ওই প্রতিষ্ঠান থেকেই হিযবুতের প্রচারপত্র তৈরি করা হত। সেখানে মিলিত হতেন সংগঠনটির নেতাকর্মীরা।

নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার শাহ মোহাম্মদ আব্দুর রউফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ২২ নভেম্বর গ্রেপ্তার ১৫ জন হিযবুত নেতাকর্মীর মধ্যে আবুল মোহাম্মদ এরশাদুল আলম ও আব্দুল্লাহ আল মাহফুজ সংগঠনটির শীর্ষ পর্যায়ের নেতা। তাদের রিমান্ডে এনে জিজ্ঞসাবাদে ওই ব্যবসা প্রতিষ্ঠানের সন্ধান পাওয়া যায়।

“তাদের নিয়ে অভিযান চালিয়ে চান্দগাঁও থানার কানেক্টিং রোড সংলগ্ন মোস্তফা ভবনের দ্বিতীয় তলায় একটি প্রতিষ্ঠান থেকে হিযবুতের সাংগঠনিক কাজে ব্যবহৃত প্রিন্টার ও কম্পিউটার উদ্ধার করা হয়েছে।”

এডিসি রউফ বলেন, ‘ইউনিটি লিঙ্ক’ নামে প্রতিষ্ঠানটি ব্রড ব্যান্ড ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যবসা করছিল। ওই অফিস থেকেই সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে হিযবুত।

“আমরা নিশ্চিত হয়েছি, এই প্রতিষ্ঠানটিতে হিযবুত নেতাদের নিয়মিত যাতায়াত ছিল। ভবন মালিক জানিয়েছে, শরীফ নামে এক ব্যক্তি অফিসটি ভাড়া নিয়েছিল ইন্টারনেট ব্যবসার জন্য। গ্রেপ্তার ইমতিয়াজ ইসমাইল, নাজমুল হুদা জিল্লু ও ভাড়া নেওয়া শরীফ মিলে প্রতিষ্ঠানটি পরিচালনা করে।”

পুলিশ কর্মকর্তারা জানান, রিমান্ডে মাহফুজ ও এরশাদকে নিয়ে ওই প্রতিষ্ঠানে অভিযানের পর শরীফকে খবর দেওয়া হয়েছিল আসার জন্য। কিন্তু তিনি আসেননি। পরে ওই প্রতিষ্ঠান থেকে একটি প্রিন্টার ও হার্ড ডিস্ক ছাড়া তিনটি কম্পিউটার জব্দ করা হয়।

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, “আমরা জানতে পেরেছি, ১৫ জন হিযবুত তাহরীর নেতাকর্মী গ্রেপ্তারের পর খবর পেয়ে সংগঠনের কেউ গিয়ে কম্পিউটারগুলোর হার্ড ডিস্ক খুলে নিয়ে এসেছে। এতে মনে হচ্ছে, প্রতিষ্ঠানটিতে তাদের নিয়মিত যাতায়াত আছে এবং সাংগঠনিক কর্মকাণ্ড পরিচালিত হয়।

“ওই প্রতিষ্ঠান থেকে যে প্রিন্টারটি উদ্ধার করা হয়েছে তাতে সাংগঠনিক প্রচারপত্র (লিফলেট) তৈরি করা হত বলেও মাহফুজ ও এরশাদ জানিয়েছে।”

প্রচারপত্রগুলো চান্দগাঁওয়ের অফিস থেকে তৈরি করা হলেও পোস্টার কোন জায়গা থেকে তৈরি হয় সে বিষয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানান রউফ।

অর্থ সংস্থান

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, হিযবুত নেতাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সংগঠন চালাতে নেতাকর্মীদের মাসিক চাঁদা দেওয়ার বিষয়টি বেরিয়ে এসেছে।

“হিযবুত তাহরীর প্রত্যেক সদস্য মাসিক এক হাজার টাকা করে সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য চাঁদা দিয়ে থাকে। এছাড়াও তারা অতিরিক্ত কোনো আয় করলে সেখান থেকেও সংগঠনের জন্য একটি অংশ বরাদ্দ রাখে বলে জানিয়েছে জিজ্ঞাসাবাদে।

“কোন ইউনিট কত টাকা সংগ্রহ করেছে তা তাদের নেতা ছাড়া অন্য কেউ জানতে পারে না। ইউনিট প্রধান টাকা সংগ্রহ করে তাদের নেতাকে দেয়। চট্টগ্রাম নগরীর প্রতিটি ইউনিটের প্রধানরা তাদের কর্মীদের ও শুভানুধ্যায়ীদের কাছ থেকে টাকা সংগ্রহ করে এরশাদকে জমা দেয়। আর এরশাদ সে টাকার হিসেব পাঠায় কেন্দ্রীয় নেতাদের কাছে। কেন্দ্রীয় কমিটি সে টাকার হিসেব পাঠায় আন্তর্জাতিক নেতাদের কাছে।”

পুলিশ কর্মকর্তা রউফ বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, তাদের কোনো ইউনিটের কাছে নির্ধারিত তহবিল থাকে না। কার্যক্রম পরিচালনায় অর্থ সংকট দেখা দিলে আরেকটি ইউনিট তাদের বর্ধিত তহবিল থেকে প্রদান করে।

“একইভাবে বাংলাদেশে কিংবা অন্য কোন দেশে তহবিল সংকটে পড়লে বিদেশ থেকে তাদের সহায়তার জন্য অর্থ পাঠানো হয়।”

এদিকে সাংগঠনিক অর্থ সংগ্রহ, ইউনিটি লিঙ্ক থেকে আয় করা অর্থ কোন খাতে কীভাবে ব্যবহার এবং অন্যান্য আরও বিষয়াদি জানতে আব্দুল্লাহ আল মাহফুজকে দ্বিতীয় দফায় রিমান্ডে পেয়েছে পুলিশ।

প্রথম দফায় তিন দিনের রিমান্ড শেষে মাহফুজকে মঙ্গলবার আদালতে তোলার পর আবারও জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ।

মহানগর হাকিম সরোয়ার জাহান আট দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বলে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. কামরুজ্জামান জানান।

এদিকে আগে পাঁচ দিনের রিমান্ডে থাকা আবুল মোহাম্মদ এরশাদ এখনও পুলিশ হেফাজতে আছে।

আন্তর্জাতিক ইসলামী সংগঠন হিসেবে পরিচিত হিযবুত তাহরীরের প্রতিষ্ঠা ১৯৫৩ সালে জেরুজালেমে। এই দলের প্রতিষ্ঠাতার নাম তকিউদ্দিন আল নাভানী। গণতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নেওয়া এই সংগঠনটি ইসলামী খিলাফত কায়েমে বিশ্বাসী। বিশ্বের প্রায় ৪০টি দেশে তাদের কার্যক্রম রয়েছে।

বাংলাদেশে হিযবুত তাহরীরের কাজ শুরু হয় ২০০০ সালের কিছু পরে। ২০০৯ সালের অক্টোবরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণা করে।

তবে হিযবুতের প্রচার কার্যক্রম বলছে, নিষিদ্ধ হওয়ার ১০ বছর পরও দলীয় কার্যক্রম গোপনে হলেও চালিয়ে যাচ্ছে তারা।

পুলিশ জানায়, চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত এ সংগঠনটির দ্বিতীয় সর্বোচ্চ নেতা আবুল মোহাম্মদ এরশাদুল আলম (৩৯)। এক সময়ে ইসলামী ছাত্র শিবিরের রাজনীতির সাথে জড়িত থাকলেও বর্তমানে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট ইংলিশ মিডিয়াম স্কুলের বাংলার শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

এরশাদের নিয়ন্ত্রণে তিনটি ইউনিটে ভাগ হয়ে চট্টগ্রাম নগরীতে কর্মকাণ্ড পরিচালনা করে আসছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনটি। প্রতিটি ভাগে অন্তত ২৫ জন করে সক্রিয় সদস্য রয়েছে।

এর এক ভাগের নেতৃত্বে আছেন নোভারটিস ফার্মাসিউটিক্যাল নামে একটি প্রতিষ্ঠানের টেরিটোরি ব্যবস্থাপক গ্রেপ্তার আব্দুল্লাহ আল মাহফুজ। অপর দুই অংশের নেতৃত্বে আছেন নৌ বাহিনী স্কুলের খণ্ডকালীন শিক্ষক আফজাল হোসেন আতিক এবং চট্টগ্রাম ডিজিটাল স্কুল নামে একটি স্কুলের পরিচালক তাহমিদ সুফিয়ান।

এডিসি রউফ বলেন, চট্টগ্রামে এরশাদের উপরে আরও একজন নেতা আছেন। তার নাম জানা গেলেও তদন্তের স্বার্থে প্রকাশ করা হচ্ছে না।