২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রদ্ধা-ভালোবাসায় বাদলকে বিদায়

চট্টগ্রামে শ্রদ্ধা আর ভালোবাসায় শেষ বিদায় দেওয়া হল মুক্তিযোদ্ধা সংসদ সদস্য মইন উদ্দিন খান বাদলকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Nov 2019, 08:01 PM

Updated : 10 Oct 2022, 09:38 PM

শনিবার সন্ধ্যায় চট্টগ্রামের জমিয়তুল ফালাহ জাতীয় মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হয়।

মসজিদ প্রাঙ্গণে পুলিশের পক্ষ থেকে একাত্তরের এই যোদ্ধাকে দেওয়া হয় গার্ড অব অনার। এসময় ফুলে ফুলে ঢেকে যায় বাদলের কফিন। তার আগে লাল-সবুজের পতাকায় ঢেকে দেওয়া হয় বাদলের মরদেহ।

বৈরী আবহাওয়ার কারণে দুপুরের পর থেকেই ছিল বৃষ্টি আর হাওয়ার দাপট। তারপরও বাদলকে শেষ বিদায় জানাতে বৃষ্টি মাথায় নিয়ে হাজির হন রাজনৈতিক সহযোদ্ধা, প্রতিপক্ষ রাজনৈতিক দলের নেতা, বিভিন্ন দলের কর্মী এবং চট্টগ্রামের সাধারণ মানুষ।

বিকাল পাঁচটা ১০ মিনিটের দিকে মরদেহবাহী গাড়িটি জমিয়তুল ফালাহ প্রাঙ্গণে আসে। মাগরিবের নামাজের পর বৃষ্টির কারণে মসজিদেই হয় বাদলের জানাজা।

জানাজায় অংশ নেন সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ, হুইপ সামশুল হক চৌধুরী, সাংসদ এবিএম ফজলে করিম চৌধুরী, আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, মাহফুজুর রহমান মিতা, নগর আওয়ামী লীগ সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলার সভাপতি মোসলেম উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার সাধারণ এম এ সালাম, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান।

ছিলেন সিডিএ চেয়ারম্যান জহিরুল আলম দোভাষ, সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, মিরসরাই সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিভাগীয় কমিশনার আবদুল মান্নান, সিএমপি কমিশনার মাহবুবর রহমান, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক, চট্টগ্রামের জেলা প্রশাসক মো. ইলিয়াস হোসেন, জেলা পুলিশের এসপি নূরে আলম মিনা প্রমুখ।

এরপর মাঠের অস্থায়ী প্যান্ডেলে নিয়ে আসা হয় বাদলের মরদেহ। এসময় উপস্থিত নেতৃবৃন্দ এবং প্রশাসনের কর্মকর্তারা জাতীয় পতাকায় বাদলের কফিন ঢেকে দেন। বিউগলের সুরে সশস্ত্র সালাম জানানো হয়।

এরপর মহানগর আওয়ামী লীগ, উত্তর ও দক্ষিণ জেলা আওয়ামী লীগ, জাসদসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

এ সময় দক্ষিণ জেলা আওয়ামী লীগ সভাপতি মোসলেম উদ্দিন আহমদ বলেন, “আমরা একজন বীর মুক্তিযোদ্ধাকে হারিয়েছি। সংসদে তার ভূমিকা ইতিহাসে লেখা থাকবে। উনার শেষ ইচ্ছা ছিল কালুরঘাট সেতু। আশা করি এ সরকারের মেয়াদেই তা বাস্তবায়ন হবে।”

সাবেক সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম বলেন, “রাজনীতিবিদ হিসেবে উনার অভিজ্ঞতা ও দক্ষতা ছিল অপরিসীম। উনার ইচ্ছার কালুরঘাট সেতু বাস্তবায়নে আমরা দৃঢ় প্রতিজ্ঞ।”

নগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম চৌধুরী বলেন, “উনি ছোট দলে বড় নেতা ছিলেন। এক সাহসী মুক্তিযোদ্ধাকে আমরা হারালাম, যার অভাব পূরণ হওয়ার নয়।”

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ বলেন, “উনি আমাদের শ্রদ্ধেয় অগ্রজ। উনার মত রাজনীতিবিদ বর্তমানে বিরল।”

চট্টগ্রামের বিভিন্ন উপজেলা থেকে রাজনৈতিক দলের নেতাকর্মী এবং সাধারণ মানুষও ছুটে এসেছিলেন শেষবারের মত একবার প্রিয় নেতাকে দেখতে।

আনোয়ারা থেকে আসা রফিকুল ইসলাম বলেন, “আমি কোনো রাজনৈতিক দল করি না। তবে উনাকে খুব ভালো লাগত। সাহসী এবং স্পষ্টভাষী নেতা। চট্টগ্রাম ও চট্টগ্রামের মানুষের জন্য উনি দরদী ছিলেন।”

রাতে বোয়াখালী উপজেলায় আরও দুই দফা জানাজা শেষে সারোয়াতলী গ্রামের পারিবারিক কবরস্থানে বাদলের দাফন হওয়ার কথা রয়েছে।