চট্টগ্রামে জামায়াত নেতা গ্রেপ্তার
চট্টগ্রামে জামায়াত ইসলামীর এক নেতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার সকালে বাকলিয়া থানার রাহাত্তার পুল এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আবুল মনসুর বাকলিয়া থানা জামায়াতের আমির শেখ নসরুল্লাহ আহমেদ। অন্যজনের নাম মনসুর।
পুলিশের দাবি, তারা জামায়াত নেতা যুদ্ধাপরাধী এটিএম আজাহারুল হকের মৃত্যুদণ্ডের আদেশ বহাল রাখায় নাশকতার পরিকল্পনায় দলবল নিয়ে সেখানে অবস্থান করছিলেন।
বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, “ভোরে নামাজের পর বাকলিয়া এলাকায় মিছিল করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পরিকল্পনা নিয়েছিল জামায়াত নেতাকর্মীরা।
“কেবি আমান আলী রোডের রাহাত্তার পুলে শিবির কর্মীরা জড়ো হচ্ছে খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় কয়েকজন দৌড়ে পালিয়ে গেলেও নসরুল্লাহ ও মনসুরকে গ্রেপ্তার করা হয়।”
পরে বড়মিয়া মসজিদ এলাকার লতিফ মঞ্জিলে নসুরুল্লাহর বাড়িতে অভিযান চালিয়ে হাতবোমা উদ্ধার করা হয় বলে দাবি ওসি নেজামের।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছে।
