২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘সম্প্রীতিতে ফাটল ধর্ম সম্পর্কে অজ্ঞতা থেকে’

প্রত্যেক ধর্ম সম্প্রীতির কথা বললেও কিছু মানুষ ধর্মের মূল সুর বোঝে না এবং ভুল চিন্তা থেকেই মানুষের মধ্যে উগ্রবাদী চিন্তা ভর করে বলে মন্তব্য করেছেন এক আন্ত:ধর্মীয় সংলাপের বক্তারা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2019, 08:01 PM

Updated : 18 Aug 2022, 05:59 PM

শনিবার চট্টগ্রাম নগরীর পাথরঘাটায় আর্চবিশপ ভবন সভাকক্ষে এই আন্ত:ধর্মীয় সংলাপ অনুষ্ঠিত হয়। খ্রিস্টিয় ঐক্যপ্রচেষ্টা এবং আন্ত:ধর্মীয় সংলাপ কমিশন, চট্টগ্রাম আর্চডায়োসিস এই সভার আয়োজন করে।

সভায় মুসলিম, খ্রিস্টান, হিন্দু ও বৌদ্ধ সম্প্রদায়ের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

অনুষ্ঠানে চট্টগ্রাম আর্চ ডায়োসিসের ফাদার লেনার্ড সি রিবেরু বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে বিভিন্ন জাতিগোষ্ঠী ও ধর্মীয় সম্প্রদায়ের মধ্যে যে সম্প্রীতি আছে সেটা বিশ্বে অনুসরণযোগ্য। কিন্তু এরপরও কিছু ঘটনা এখানে ঘটে।

“এটা মূলত ধর্ম সম্পর্কে জ্ঞানের অভাব। সম্প্রীতিতে ফাটল অজ্ঞানতা থেকে হয়। খ্রিস্টান ধর্ম বলছে, কাউকে বাদ দিয়ে অর্থাৎ কোনো মানুষকে বাদ রেখে সম্প্রীতি হতে পারে না, সেটা যে ধর্মের বা যে জাতিগোষ্ঠীর হবে হোক। সম্প্রীতি তৈরি করতে হবে মানুষে-মানুষে, নির্দিষ্ট কোনো ধর্মে নয়।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মো. আবুল হোসেইন বলেন, “উগ্রবাদী চিন্তা থেকে এক ধর্মের লোক অন্য ধর্মের লোককে আক্রমণ করে। ভোলায় সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, একই ঘটনা কিন্তু আগেও আমাদের দেশে ঘটেছে। এর সবই উগ্রবাদী চিন্তার ফল।

“ধর্ম যে শুধু চর্চার বিষয় নয়, এটি যে পড়াশোনা করে ধারণের বিষয় সেটা আমরা অনেক সময় মাথায় রাখি না। আবার আমি এক ধর্মের অনুসারী বলে যে আরেকটি ধর্ম সম্পর্কে আমার পড়াশোনার প্রয়োজন নেই, সেটিও সঠিক নয়। প্রত্যেক ধর্মগ্রন্থ পড়তে হবে। প্রত্যেক ধর্ম সম্পর্কে জানতে হবে।”

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক আনন্দ বিকাশ চাকমা বলেন, “আমাদের সমাজে ক্ষমতা পেলে অন্যকে মানুষ বলে গণ্য না করার একটা সংস্কৃতি গড়ে উঠেছে। অথচ ধর্ম বলছে, যত বেশি উপরে উঠবে তত বেশি বিনয়ী হবে। কিন্তু আমাদের সমাজে হচ্ছে উল্টোটা।”

অন্যতম আলোচক অধ্যাপক স্বদেশ চক্রবর্তী বলেন, “ভোলায় সাম্প্রতিক যে ঘটনা ঘটেছে, গত কয়েক বছরে আমরা দেশের বিভিন্ন জায়গায় সেটা দেখেছি। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় হচ্ছে মানুষকে ভালোবাসা। কে হিন্দু, কে মুসলিম, কে মুচি, কে শিক্ষক- এই ভেদাভেদের ঊর্ধ্বে উঠতে না পারলে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হবে না।”

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে চট্টগ্রাম আর্চডায়োসিসের আর্চবিশপ মজেস এম কস্তা বলেন, “সংলাপ হচ্ছে একে অপরের কাছে আসার, একে অপরের অন্তরে ধারণের একটা পদ্ধতি। সংলাপের মাধ্যমে সম্প্রীতির পরিবেশ গড়ে ওঠে। এই সংলাপ অব্যাহত থাকবে।

“১০ জন নিয়েও সংলাপ করা যায়, ১০০-৫০০ জন নিয়েও করা যায়। মূল সুরটা থাকবে শুধু সম্প্রীতি। ধর্মে-ধর্মে, জাতিতে-জাতিতে, মানুষে-মানুষে সম্প্রীতিই হচ্ছে এর মূল সুর।”

মার্গারেট ইউগিনির সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় স্বাগত বক্তব্য রাখেন খ্রিস্টিয় ঐক্যপ্রচেষ্টা এবং আন্ত:ধর্মীয় সংলাপ কমিশন, চট্টগ্রাম আর্চডায়োসিসের কো- অর্ডিনেটর জেমস গোমেজ।