২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর ‘মস্তিষ্কে রক্তক্ষরণে’ মৃত্যু

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত এক নারী চিকিৎসাধীন অবস্থায় মস্তিষ্কে রক্তক্ষরণ জনিত কারণে মারা গেছেন বলে ধারণা করছেন চিকিৎসক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 06:36 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বুধবার সকাল ১১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে রোজিনা বেগম (২৫) নামের ওই নারী মারা যান।

রোজিনা বেগমের স্বাতী মাঈন উদ্দিন স্বপন পেশায় একজন দর্জি। তারা নগরীর কর্নেল হাট বিশ্ব কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন।  

হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের সহকারী রেজিস্ট্রার ডা. ইমন দাশ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেঙ্গুতে আক্রান্ত ওই নারীকে বুধবার রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়।

“তার শারীরিক অবস্থা অতটা খারাপ ছিল না। রক্তের প্লাটিলেটও স্বাভাবিকের কাছাকাছি ছিল।”

Image
ফাইল ছবি

ফাইল ছবি

বৃহস্পতিবার সকালে সকাল সাড়ে ১০টার দিকে রোজিনা অচেতন হয়ে পড়েন জানিয়ে এই চিকিৎসক বলেন, “লক্ষণ দেখে আমাদের ধারণা, হয় তার ব্রেইন স্ট্রোক হয়েছে। সকাল ১১টার দিকে তিনি মারা যান।

ওই নারী যে অবস্থায় হাসপাতালে ভর্তি হন সেরকম বেশিরভাগ রোগী চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছে বলে তিনি দাবি করেন।

এ নিয়ে চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় মোট পাঁচজন ডেঙ্গু রোগীর মৃত্যু হলো।

এর আগে ১২ সেপ্টেম্বর নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বান্দরবানের রুমা উপজেলার চেয়ারম্যান উহ্লাচিং মারমার স্ত্রী রুমা সদর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ডমেচিং মারমা বেবি।

তার আগে ৩১ অগাস্ট নগরীর একটি বেসরকারি হাসপাতালে সীতাকুণ্ড উপজেলার সলিমপুরের বাসিন্দা বাদশা মোল্লা ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যান।

৩ সেপ্টেম্বর বিপ্লব দাশ (২৫) নামের এক ব্যক্তি মারা যান। তিনি চন্দনাইশ উপজেলার দোহাজারীর দিয়াকুল এলাকার সন্তোষ দাশের ছেলে।

এরপর ৬ সেপ্টেম্বর মারা যান আবু সাঈদ (৩০। তিনি টাঙ্গাইলের মোহাম্মদ ছালামের ছেলে। নগরীর আছদগঞ্জের একটি কারখানার ফোরম্যান ছিলেন তিনি।