২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবি অ্যালামনাইয়ের প্রথম পুনর্মিলনী ২২ নভেম্বর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম পুনর্মিলনী আগামী ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2019, 04:01 PM

Updated : 18 Aug 2022, 05:50 PM

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পুনর্মিলনীর বিভিন্ন দিক তুলে ধরেন অ্যাসোসিয়েশনের নেতারা।

অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুল আলম জানান, ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয় দিবসে নগরীর কিং অব চিটাগাং কমিউনিটি সেন্টারে সংগঠনের প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হবে।

পুনর্মিলনী সফল করতে আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিমকে আহ্বায়ক ও গিয়াস উদ্দিনকে সদস্য সচিব করে ১৫১ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে বলে জানান তিনি।

মাহবুব জানান, ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের দুই হাজার সাবেক শিক্ষার্থী অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্য হয়েছেন। প্রতিদিন চট্টগ্রাম ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্টস ক্লাব-ঢাকা, সিলেট, কুমিল্লা ও ফেনী কার্যালয়ে এসে অনেকে তাদের নাম নিবন্ধন করছেন সদস্য হওয়ার জন্য।

এছাড়াও সংগঠনের ওয়েব সাইট www.cualumni.org.bd এর মাধ্যমে দেশের বাইরে ও দূর-দূরান্তে থাকা সাবেক শিক্ষার্থীরা নিবন্ধন করতে পারবেন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সংগঠনের সদস্যরাই শুধু ১০০ টাকা নিবন্ধন ফি জমা দিয়ে প্রথম পুনর্মিলনীতে অংশ নিতে পারবেন।

সংবাদ সম্মেলনে মাহবুব বলেন, ২০১৬ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান নিয়ে সাবেক শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক সাড়া জেগেছিল। এসময় বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা অ্যালামনাই অ্যাসোসিয়েশন করার আগ্রহ প্রকাশ করতে থাকেন।

তারই ধারাবাহিকতায় এ বছরের ২৩ ফেব্রুয়ারি চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সহযোগিতায় ও বিপুল পরিমাণ শিক্ষার্থীর উপস্থিতিতে প্রধানমন্ত্রী কার্যালয়ের সাবেক মুখ্য সচিব আব্দুল করিমকে সভাপতি করে ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন’ আত্মপ্রকাশ করে।

নগরীর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চারুকলা ইনস্টিটিউটে সংগঠনের জন্য বরাদ্দ করা অফিস কক্ষ থেকে সংগঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ও সাবেক সচিব খোরশেদ আলম চৌধুরী, পুনর্মিলনী আয়োজন কমিটির আহ্বায়ক আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি আব্দুল কদর, মিরসরাই উপজেলার সাবেক চেয়ারম্যান গিয়াস উদ্দিন, বিজিএমইএ চট্টগ্রামের সাবেক সহ-সভাপতি নাসির উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম চেম্বারের পরিচালক সৈয়দ ছগির আহমেদ, ইমাম হোসেন বিলু, শাহজাহান চৌধুরী, মোকাদ্দেস আলী শাহীন, ড. এবিএম আবু নোমান।