রোহিঙ্গাদের এনআইডি: শাহানুর-ফারুকের স্বীকারোক্তি
জালিয়াতির মাধ্যমে রোহিঙ্গাদের এনআইডি তৈরির ঘটনায় গ্রেপ্তার শাহনূর মিয়া ও মোস্তফা ফারুক আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
বুধবার চট্টগ্রামের মহানগর হাকিম শফি উদ্দিনের আদালতে এ দুজন ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
এদের মধ্যে শাহানূর নির্বাচন কমিশনের (ইসি) আইডেন্টিফিকেশন সিস্টেম ফর এনহ্যান্সিং একসেস টু সার্ভিসেস (আইডিইএ) প্রকল্পে টেকনিক্যাল এক্সপার্ট পদে কর্মরত।
আর মোস্তফা ফারুক ভোটার হালনাগাদের কাজে অস্থায়ী ভিত্তিতে নির্বাচন কমিশনের টেকনিক্যাল সাপোর্ট স্টাফ হিসেবে বোয়ালখালী উপজেলা নির্বাচন কার্যালয়ের অধীনে কাজ করছিলেন।
চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবুদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা এনআইডি জালিয়াতির ঘটনায় নিজেদের জড়িত থাকার কথা স্বীকার করেছেন। পাশাপাশি এতে আরও লোকজন জড়িত বলে জানিয়েছেন।”
এক রোহিঙ্গা নারী সম্প্রতি ভুয়া এনআইডি সংগ্রহ করে চট্টগ্রামে পাসপোর্ট নিতে গিয়ে ধরা পড়ার পর জালিয়াত চক্রের খোঁজে নামে নির্বাচন কমিশন। আটকে দেয় রোহিঙ্গা সন্দেহে অর্ধশত এনআইডি বিতরণ।
এই ঘটনায় গত গত ১৬ সেপ্টেম্বর চট্টগ্রাম নির্বাচন কার্যালয়ের অফিস সহায়ক জয়নাল আবেদীন এবং তার দুই সহযোগীকে একটি ল্যাপটপসহ আটক করে পুলিশে দেয় কর্মকর্তারা।
এই ঘটনায় চট্টগ্রামের ডবলমুরিং থানার নির্বাচন কর্মকর্তা পল্লবী চাকমা বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন।
এরপর আটকদের দেওয়া তথ্যের ভিত্তিতে ২০ সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় নির্বাচন কমিশনের প্রকল্পের অধীনে কর্মরত টেকনিক্যাল সাপোর্ট স্টাফ মোস্তফা ফারুককে।
তাদের কাছ থেকে মামলার তদন্তকারী সংস্থা তথ্য পায়, ঢাকা নির্বাচন কমিশনে কর্মরত শাহনুর মিয়ার মাধ্যমে তারা রোহিঙ্গাদের এনআইডি করিয়ে দিতেন। শাহনূর দেশের বিভিন্ন উপজেলার পাসওয়ার্ড ব্যবহার করে সার্ভারে প্রবেশ করতে পারেন।
