২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সুদর্শন দাশের তবলার ধুনে মোহাবিষ্ট চট্টগ্রাম

চারটি গিনেজ রেকর্ডধারী পণ্ডিত সুদর্শন দাশের তবলা পরিবেশনা মুগ্ধ করল চট্টগ্রামের থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনের দর্শক-শ্রোতাদের।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2019, 09:29 PM

Updated : 10 Oct 2022, 09:20 PM

বৃহস্পতিবার সন্ধ্যায় ছোটদের সাংস্কৃতিক জগত ‘শিশুমেলা’র আয়োজনে এ অনু্ষ্ঠান হয়।

বাংলাদেশি বংশোদ্ভূত যুক্তরাজ্যপ্রবাসী পণ্ডিত সুদর্শন দাশ চট্টগ্রামের সন্তান।

তিনি ২০১৬ সালে একটানা ৫৫৭ ঘণ্টা ১১ মিনিট তবলা, ২০১৭ সালে একটানা ২৭ ঘণ্টা ঢোল, ২০১৮ সালে একটানা ১৪ ঘণ্টা ড্রাম রোল ও ২০১৯ সালে একটানা ১৪০ ঘণ্টা ৫ মিনিট ড্রাম সেট বাজিয়ে চারটি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড গড়েন।

অনুষ্ঠানের সূচনা পর্বে প্রধান অতিথি চট্টগ্রামে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার অনিন্দ্য ব্যানার্জী বলেন, “সঙ্গীত মানুষকে অনুপ্রাণিত করে। সঙ্গীতের মধ্যে দিয়ে মানুষ সুকুমার বৃত্তির চর্চা করে।

“বাংলাদেশের মুক্তিযুদ্ধেও সঙ্গীত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিশুমেলাকে ধন্যবাদ এ ধরণের আয়োজনের জন্য।”

সভাপতির বক্তব্যে চিকিৎসা বিজ্ঞানী অধ্যাপক ডা. এ কিউ এম সিরাজুল ইসলাম বলেন, “শুদ্ধ সংস্কৃতির অনুশীলনই পারে সমাজকে এগিয়ে নিতে। ভবিষ্যত প্রজন্মকে প্রকৃত বাঙালি সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দিতে পারলেই ঐতিহ্যের শক্তিতে বলীয়ান হয়ে আমরা আগ্রসর হতে পারব।”

শিল্পী সুদর্শন দাশ বলেন, “আমি বাংলাদেশের সন্তান। আমি চট্টগ্রামের সন্তান। নিজের দেশের মানুষের সামনে তবলা নিয়ে উপস্থিত হতে পেরে আমি খুব খুশি।”

এই শিল্পী এবারের ওয়ার্ল্ড মিউজিক ট্যুরের অংশ হিসেবে সিঙ্গাপুর ও ভারতে পরিবেশনা শেষে চট্টগ্রামে এ অনুষ্ঠানে অংশ নিলেন।

আয়োজক প্রতিষ্ঠান শিশুমেলা’র পরিচালক রুবেল দাশ প্রিন্স বলেন, “চট্টগ্রামের একজন সন্তান সারা বিশ্বে তবলা বাজিয়ে আলোড়ন তুলেছেন অথচ তার পরিবেশনা এই নগরীর মানুষ এখনো দেখেনি, এটা আমাকে খুব আলোড়িত করেছে। তাই এই অনুষ্ঠানের আয়োজন করেছি। আমরা চাই আমাদের ভবিষ্যত প্রজন্ম উনাকে দেখে অনুপ্রাণিত হোক। শিশু-কিশোররাও সংস্কৃতি চর্চার মাধ্যমে নিজেদের বিশ্ব দরবারে প্রতিষ্ঠিত করার স্বপ্ন দেখুক।”

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন লায়ন্স এর সাবেক জেলা গভর্নর রূপম কিশোর বড়ুয়া।

বিশেষ অতিথি ছিলেন বিএফইউজে’র সহ-সভাপতি সাংবাদিক রিয়াজ হায়দার চৌধুরী বলেন, আন্দরকিল্লা ওয়ার্ড কাউন্সিলর জহর লাল হাজারী ও চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ।

অনুষ্ঠানে কীবোর্ডে বাজান মাইকেল ব্রড। রবীন্দ্র সংগীত পরিবেশন করেন কান্তা দে ও অনুরিনা চৌধুরী তুলি।

এছাড়া ফজল আমিন শাওন ও হিল্লোল দাশ সুমনের পরিচালনায় দলীয় নৃত্য পরিবেশিত হয়।