কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক রাখতে নেতাদের আহ্বান ইন্দিরার
দলের নেতাদের সর্বস্তরের কর্মীদের সঙ্গে নিবিড় সম্পর্ক গড়ে তোলার তাগিদ দিয়েছেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ফজিলাতুননেসা ইন্দিরা।
জাতীয় শোক দিবস উপলক্ষে বুধবার ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এই তাগিদ দেন তিনি।
মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন, “বঙ্গবন্ধু কর্মীদের স্নেহ করতেন। তিনি মনে করতেন সুশৃঙ্খল ও আদর্শনিষ্ঠ কর্মী ছাড়া কখনও একটি গণসংগঠনের ভিত্তি সুদৃঢ় হয় না।
“বঙ্গবন্ধুর এই শিক্ষা আমরা যারা এখন নেতৃত্বের পদে আসি তাদেরকে অনুধাবন করতে হবে এবং যে অবস্থানে থেকে নেতৃত্ব দিই না কেন কর্মীদের সাথে সম্পর্ককে নিবিড় করে গড়ে তুলতে হবে।”
সরকারের উন্নয়ন ও অর্থনৈতিক অগ্রগতির পরিসংখ্যান তুলে ধরে তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও সমাধিকার প্রতিষ্ঠায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার যুগান্তকারী সাফল্য ও পদক্ষেপগুলো আন্তর্জাতিকভাবে প্রশংসিত।
“বাংলাদেশে নারীরা আজ পুরুষদের পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ডের সমান অংশীদার। তাই নারী সমাজকে শেখ হাসিনার পাশে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে।”
সভার বিশেষ অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “জাতির জনক নারী জাগরণের জন্য দৃঢ় প্রত্যয়ী ছিলেন। তিনি নারীদের সম্মান ও মর্যাদার আসনে প্রতিষ্ঠায় অত্যন্ত আন্তরিক ছিলেন।
“তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের নারী সমাজের কল্যাণে অনেকগুলো পদক্ষেপ ও কার্যক্রম বাস্তবায়ন করেছেন। তাই বাংলাদেশের নারী সমাজ অন্ধকার থেকে আলোয় উদ্ভাসিত।”
সভার সভাপতি মহানগর আওয়ামী লীগের সভানেত্রী হাসিনা মহিউদ্দিন বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান শুধু একজন ব্যক্তি নন, একটি প্রতিষ্ঠান ও সমগ্র বাংলাদেশ এবং বিশ্বের সকল শোষিত মানুষের মুক্তির প্রেরণাদাতা। তিনি মৃত্যুহীন প্রাণ।”
চট্টগ্রাম মহানগর মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কাউন্সিলর নীলু নাগের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ চেমন আরা তৈয়ব, সাবেক সাংসদ সাবিহা মুসা, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাসন্তী প্রভা পালিত, মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র শহীদুল ইসলাম শাহীন, মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মমতাজ খান।
