২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

তরুণীকে ধর্ষণের দায়ে যাবজ্জীবন

ছয় বছর আগে এক তরুণীকে ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2019, 07:33 PM

Updated : 18 Aug 2022, 05:41 PM

মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর বিচারক মুতাহির আলী এ রায় দেন।

দণ্ডিত নজরুল ইসলাম (৩৫) চট্টগ্রামের মিরসরাই উপজেলার ওয়াহেদপুর ইউনিয়নের মধ্যম ওয়াহেদপুর এলাকার শফিউল আলমের ছেলে।

ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ নাসের বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(১) ধারায় ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি নজরুলকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

“পাশাপাশি ধর্ষণের শিকার ওই তরুণীকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে ৯(খ) ধারায় আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিকে আরও ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।”

অভিযোগ প্রমাণিত না হওয়ায় এই মামলার অন্য পাঁচ আসামিকে আদালত বেকসুর খালাস দেন বলে জানান আইনজীবী নাসের।  

খালাস পাওয়া আসামিরা হলেন- মো.শাহাদাৎ, রুবেল চন্দ্র দাশ, মো.নজরুল, মো.মহিউদ্দিন ও মো. হারুন।

রায় ঘোষণার সময় আসামি নজরুল ইসলাম আদালতে ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার নথি থেকে জানা যায়, দণ্ডিত নজরুল নিজ গ্রামে একটি মুরগির খামারের মালিক। ওই খামার লাগোয়া বাসিন্দা রবিউল হোসেনে বাড়িতে গৃহকর্মী হিসেবে কাজ করতেন রোজিনা আক্তার রামিশা (১৭) নামের ওই তরুণী।

২০১৩ সালের ৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় ওই মুরগির খামারে নিয়ে রোজিনাকে ধর্ষণ করা হয়। সেই রাতে রবিউল হোসেনের বাসায় আত্মহত্যা করেন রোজিনা।

এ ঘটনায় পরদিন পুলিশ বাদী হয়ে অপমৃত্যুর মামলা করে। তদন্তে ধর্ষণ ও আত্মহত্যার বিষয়টি জানা গেলে ২০১৩ সালের ২২ সেপ্টেম্বর নারী ও শিশু নির্যাতন আইনে মামলাটি স্থানান্তর করা হয়।

২০১৪ সালের ২১ অক্টোবর মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত।

ছয় জনের সাক্ষ্যগ্রহণ শেষে মঙ্গলবার আদালত এ রায় দেয়।