পিরোজপুরে কিশোর খুনের ৩ মাস পর আটক চট্টগ্রামে
পিরোজপুরে জমির বিরোধে কিশোর খুনের ঘটনার তিন মাস পর একজনকে চট্টগ্রাম থেকে আটক করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
বৃহস্পতিবার নগরীর বায়েজিদ বোস্তামী থানার চা-বোর্ড এলাকা থেকে সোহেল হাওলাদারকে (৪০) গ্রেপ্তার করা হয়।
পিবিআই চট্টগ্রাম মেট্রোর পরিদর্শক সাইফুদ্দীন আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “জায়গা-জমির বিরোধ নিয়ে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় খুন হয় ১৫ বছর বয়েসী কিশোর হাবিবুল্লাহ।
“গত ২ মে তার লাশ উদ্ধারের পর ৫ মে ভান্ডারিয়া থানায় তার ভাই মিজানুর রহমান বাদি হয়ে একটি মামলা করেন।”
মামলার পর থেকে খুনের দায়ে অভিযুক্ত সোহেল হাওলাদারসহ অন্যান্য আসামিরা বিভিন্ন স্থানে পালিয়ে থাকায় গত কয়েক মাসেও তাদের কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে জানিয়েছে পুলিশ।
এদিকে চট্টগ্রামে পালিয়ে এসে সৌদিয়া পরিবহনের বাসের হেলপারের কাজ নিয়েছিলেন সোহেল হাওলাদার। থাকতেন চা-বোর্ড এলাকায়।
সোহেলকে আটক অভিযানে থাকা পিবিআই’র এএসআই তারেক হোসেন বলেন, “থানা পুলিশের হাত ঘুরে মামলাটি যায় পিরোজপুর জেলা পিবিআই’র হাতে।
“তাদের অনুরোধে দুপুরে বায়েজিদ থানার চা-বোর্ড এলাকা থেকে সোহেল হাওলাদারকে পিবিআই, চট্টগ্রাম মেট্রোর সদস্যরা গ্রেপ্তার করে।”
গ্রেপ্তারর পর সোহেল হাওলাদারকে পিবিআই, পিরোজপুর জেলা টিম নিয়ে গেছে বলে জানান তিনি।
