প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের খালের উপর থাকা ভবন ভাঙা শুরু
চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়ে হিজড়া খালের উপর নির্মিত বেসরকারি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের সেই ভবনটি ভাঙা শুরু হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) জলবাদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় ভবনটি ভাঙা শুরু করেছে।
প্রথম দিনে চারতলা ভবনটির নিচতলার দুটি দোকান ভেঙে হিজড়া খালে পানি চলাচলের বাধা সরানো হয়েছে।
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের প্রকল্প পরিচালক ও সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, প্রবর্তক মোড়ে হিজড়া খালের উপর থাকা ভবনের নিচতলার দুটি দোকান ভেঙে পানি চলাচল নির্বিঘ্ন করা হয়েছে।
“নিচতলার অন্য দোকান মালিকরা নিজেরাই তাদের দোকান ভেঙে ফেলতে শুরু করেছেন।”
৫ হাজার ৬১৬ কোটি টাকার ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক মেগা প্রকল্পের আওতায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হচ্ছে।
চট্টগ্রামের প্রয়াত সিটি মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরীর মেয়াদে ২০০০ সালে নগরীর প্রবর্তক মোড়ে হিজড়া খালের একাংশ দখল করে চারতলা ভবনটি নির্মাণ করা হয়।
এটি প্রিমিয়ার বিশ্ববিদ্যায়ের প্রশাসনিক ভবন। এর নিচতলায় ১৩টি দোকান আছে।
ভবনটি নির্মাণের সময় বিভিন্ন মহল থেকে এর বিরোধিতা করা হলেও তা মানা হয়নি।
এরপর এই ভবনের অদূরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পশ্চিম গেট সংলগ্ন অংশে হিজড়া খালের উপর ছয়তলা আরেকটি ভবন নির্মাণ করা হয়। সেটি প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল অনুষদ হিসেবে ব্যবহৃত হয়।
গত বেশ কয়েক বছর ধরে বন্দর নগরীতে জলাবদ্ধতার সময় প্রবর্তক মোড়ে বুক সমান উচ্চতায় পানি জমে থাকে। হিজড়া খালের উপর প্রিমিয়ারের প্রশাসনিক ভবনটির কারণে পানি চলাচল বাধাগ্রস্ত হয়ে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়।
সিডিএ’র নির্বাহী প্রকৌশলী আহমদ মঈনুদ্দিন বলেন, “প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে আমাদের আলোচনা হয়েছে। ভবন দুটি নিজেরা অপসারণ করবেন জানিয়ে তারা আমাদের লিখিত দিয়েছেন।
“প্রশাসনিক ভবনটিতে উনাদের দাপ্তরিক কাজ পরিচালিত হয়। বিশ্ববিদ্যালয়টির অনেক ছাত্র। তাদের শিক্ষাজীবন সংক্রান্ত সব কাগজপত্র এই ভবনে। তারা নিজেরা ভবনটি অপসারণ করবেন। এজন্য ২০-২৫ দিন সময় লাগতে পারে।”
প্রকৌশল অনুষদ হিসেবে ব্যবহৃত ভবনটিও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিজ উদ্যোগে অপসারণ করবে বলে সিডিএকে জানিয়েছে।
এদিকে বৃহস্পতিবারের অভিযানে নগরীর প্রবর্তক মোড় থেকে চকবাজর কাঁচাবাজার পর্যন্ত অংশে প্রায় ৬০টি স্থাপনা ভেঙে ফেলা হয়েছে।
উচ্ছেদ অভিযানে সহায়তা করছে জলাবদ্ধতা নিরসনে মেগা প্রকল্পের পূর্ত কাজ পরিচালনাকারী সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং কনস্ট্রাকশন ব্রিগেড।
বৃহস্পতিবার ভেঙে দেয়া স্থাপনাগুলোর মধ্যে আছে ২২টি পাকা ভবন। বাকিগুলো আধা পাকা ও টিনশেড।
আহমদ মঈনুদ্দিন জানান, অভিযানে তিনটি বহুতল ভবন নির্মাণকারী আবাসন প্রতিষ্ঠানের তিনটি প্রকল্পের অধীনে সীমানা প্রাচীর দিয়ে ঘিরে ফেলা খালের অংশ উদ্ধার করা হয়েছে।
“প্রতিটি প্রকল্পে একশ থেকে দেড়শ ফুট জমি সীমানা প্রাচীর দিয়ে দখলে নেয়া হয়েছিল।”
জলাবদ্ধতা নিরসন প্রকল্পের আওতায় নগরীর ১৩টি প্রধান খাল থেকে প্রাথমিক পর্যায়ে উচ্ছেদ ও অপসারণের জন্য এক হাজার ৫৭৬টি স্থাপনা চিহ্নিত করা হয়েছে।
ইতোমধ্যে নগরীর চাক্তাই, রাজাখালী, নোয়া, ডোমখালী ও হিজড়া খাল থেকে প্রায় ৩৫০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
