সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে তিন শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডে শিপইয়ার্ডে তেল ট্যাংকার কাটার সময় বিষাক্ত গ্যাসে অসুস্থ হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার দুপুরে উপজেলার শীতলপুরে ম্যাক করপোরেশন নামের একটি ইয়ার্ডে এ ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।
যারা মারা গেছেন তারা হলেন- নান্টু হোসেন (২৪), রাসেল (২৫) ও ছবিরুল (২৬)।
এদের মধ্যে নান্টু ও রাসেলের বাড়ি পিরোজপুর জেলার ভাণ্ডারিয়ায়; ছবিরুলের বাড়ি কুড়িগ্রামের ফুলবাড়ি।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) মো. শামীম শেখ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ম্যাক করপোরেশনে তেলের ট্যাংকারটি কাটার জন্য আনা হয়েছিল। দুপুরে ট্যাংকারের মুখ খুলতে গিয়ে বিষাক্ত গ্যাসে শ্রমিকরা অসুস্থ হয়ে পড়লে তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গুরুতর অসুস্থ তিনজনকে হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন বলে জানান হাসপাতাল পুলিশ ফাঁড়ির নায়েক সন্তোষ চাকমা।
“তিন শ্রমিকের শরীরে জখমের কোনা চিহ্ন ছিল না। তবে তাদের শরীর তেলের কারণে কালো হয়ে গিয়েছিল।”
ঘটনার বিষয়ে শিপইয়ার্ড কর্তৃপক্ষের বক্তব্য জানা যায়নি।
