২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দেশের সব স্থাপনা ভূমিকম্প সহনীয় হবে ৫০ বছরেই: দুর্যোগ প্রতিমন্ত্রী

আগামী ৫০ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি স্থাপনা ভূমিকম্প সহনীয় হবে বলে আশা  দেখিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মো. এনামুর রহমান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2019, 08:50 PM

Updated : 18 Aug 2022, 05:35 PM

মঙ্গলবার চট্টগ্রাম সার্কিট হাউসে জেলা দুর্যোগ ব্যবস্থাপনার কমিটির বিশেষ সভায় তিনি এই আশাবাদ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী এনামুর বলেন, “বাংলাদেশ ভূমিকম্প আতঙ্কে আছে। ভূমিকম্প থেকে দেশকে রক্ষার পাশাপাশি ভূমিকম্প সহনীয় রাষ্ট্র করার জন্য জাইকার সাথে কথা হচ্ছে।”

 ‘এ সপ্তাহেই’ জাপানি একটি সংস্থাটির সঙ্গে তৃতীয় বৈঠকের কথা রয়েছে জানিয়ে তিনি বলেন,  “দুই পক্ষের চুক্তি শেষে কাজ শুরু হলে আগামী ৩০ থেকে ৫০ বছরের মধ্যে বাংলাদেশের প্রতিটি স্থাপনা ভূমিকম্প সহনীয় হবে। 

“বাংলাদেশকে দুর্যোগ সহনীয় রাষ্ট্র করতে জাপান সরকারের সাথে আগামী সপ্তাহে চুক্তি স্বাক্ষর হওয়ারও কথা।”  

তিনি বলেন,  “প্রাথমিকভাবে তারা কুড়িগ্রাম, সুনামগঞ্জ ও কক্সবাজার জেলাকে বন্যা সহনীয় জেলা হিসেবে গড়ে তোলার কাজের সম্মতি দিয়েছেন। পর্যায়ক্রমে তারা অন্যান্য জেলাগুলোতেও কাজ করবে।”

এ বছরের বন্যায় আগাম আভাস পেয়ে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ঝুঁকিপূর্ণ জেলায় আগে থেকেই ত্রাণ পাঠানো হয় জানিয়ে দুর্যোগ প্রতিমন্ত্রী বলেন, “আগাম প্রস্তুতি হিসেবে বন্যার ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে চাল, শুকনা খাবার, টিন, নগদ টাকা, গৃহ নির্মাণের টাকা, তাবু পাঠিয়ে দিয়েছি।

“প্রতিটি জেলায় গো খাদ্য, শিশু খাদ্য কেনার জন্যও আলাদা বরাদ্দ দেওয়া হয়েছে।”

এবার ‘দ্রুততার সাথে সবকিছু’ করে ফেলায় বন্যা মোকাবেলায় কোনো ধরনের ‘সমালোচনা’ শুনতে হয়নি বলেও দাবি করেন তিনি।  

বন্যায় মাঠ পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি ভালোভাবে কাজ করেছে মন্তব্য করে তিনি বলেন, “এবার সুনামের সাথে বন্যা মোকাবেলা করা গেছে। ত্রাণ বিতরণে এবার কোনো অবহেলা ও বিলম্ব হয়নি।”

উত্তরবঙ্গ ও সিলেটের বন্যা কবলিত লোকজন অনেক সেবা পেয়েছে বলেও দাবি করেন প্রতিমন্ত্রী।

“বন্যায় আশ্রয় কেন্দ্রগুলোতে সবার সংস্থান হলেও কুড়িগ্রামে ৫০০ তাঁবুও টাঙ্গানো হয়েছে।”

অন্যান্য বছরের তুলনায় এ বছর দুর্যোগ সহনীয় ঘর ’বেশি’ বরাদ্দ দেওয়ার কথা জানিয়ে তা ’সত্যিকারের দুস্থ, অসহায় গরিব লোকজন’ যাতে পায় সেদিকে নজর রাখার জন্য সভায় নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াছ হোসাইনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন  ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. শাহ আলম।

সভায় সংশ্লিষ্টদের কাছ থেকে দুর্যোগ মোকাবেলায় পর্যাপ্ত প্রস্তুতি সরঞ্জামাদির বিষয়েও খবরাখবর নেন সচিব।