২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইয়াবা কারবারি আমিনের সম্পত্তি জব্দের নির্দেশ

কক্সবাজারের টেকনাফের তালিকাভুক্ত ইয়াবার কারবারি মোহাম্মদ আমিনের সম্পত্তি জব্দ ও ব্যাংক হিসাব স্থগিত করার আদেশ দিয়েছে আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Jul 2019, 07:38 PM

Updated : 08 Apr 2022, 04:30 PM

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনে সাড়া দিয়ে রোববার চট্টগ্রামের জ্যেষ্ঠ বিশেষ জজ মো. আকবর হোসেন মৃধা এ আদেশ দেন বলে দুদকের কৌঁসুলি কাজী ছানোয়ার আহমেদ জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “আদালত মোহাম্মদ আমিনের মালিকানাধীন নগরীল খুলশী থানার ষোলশহর মৌজার দুই শতাংশ জমি, একটি প্রিমিও মডেলের প্রাইভেট কার ও একটি মাইক্রোবাস জব্দের নির্দেশ দেন।

“পাশাপাশি ইউসিবিএল ব্যাংকের নগরীর ও আর নিজাম রোড শাখা এবং মুরাদপুর শাখা দুটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন।”

এর আগে ২২ জুলাই মোহাম্মদ আমিনের সম্পত্তি ক্রোক ও ব্যাংক হিসাব স্থগিত চেয়ে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-সহকারী পরিচালক শরিফ উদ্দীনের আবেদনের ওপর শুনানি হয়।

গত ১৯ জুন তালিকাভুক্ত ইয়াবার কারবারি মোহাম্মদ আমিনের বিরুদ্ধে উৎসের সঙ্গে অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন এবং তথ্য গোপনের অভিযোগে মামলা করে দুদক।

দুদক আইন-২০০৪ এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় করা মামলায় আমিনের বিরুদ্ধে ৩২ লাখ ২৯ হাজার ৩৫৩ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তি অর্জনে ‘অসৎ উদ্দেশ্যে তথ্য গোপন করে ভিত্তিহীন বা মিথ্যা তথ্য প্রদানের’ অভিযোগ আনা হয়েছিল।

একইসাথে জ্ঞাত আয়ের উৎসের সাথে সঙ্গতি না থাকা ছয় কোটি ৩৫ লাখ ৭৯ হাজার ৮৪ টাকা স্থাবর-অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগও করা হয়।

আসামি মোহাম্মদ আমিন টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার মোহাম্মদ আলীর ছেলে। চট্টগ্রাম মহানগরীর ওআর নিজাম রোড এলাকার ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন আমিন।

পুরনো খবর:

টেকনাফের ‘ইয়াবা আমিনের’ বিরুদ্ধে দুদকের মামলা
টেকনাফের ‘ইয়াবা আমিনের’ বিরুদ্ধে মামলা করছে দুদক