চট্টগ্রাম এমইএস কলেজে যুবককে ছুরি মেরে আহত
চট্টগ্রামের ওমরগণি এমইএস কলেজে এক যুবককে ছুরি মেরে আহত করা হয়েছে।
গ্রেপ্তার দুজন হলেন- রাবিকুল হাসান (২০) ও হাবিবুর রহমান (২১)।
আহত সাঈদ মোহাম্মদ আকিবকে (২০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি এ বছর এমইএস কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় পাস করেছেন।
ওসি প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পূর্ব বিরোধের জেরে আকিবের পিঠে ছুরি মারে কলেজের কয়েকজন শিক্ষার্থী। এ সময় দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। পরে কলেজ থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়।”
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায়, এমইএস কলেজের মেয়াদোত্তীর্ণ ছাত্র সংসদের ভিপি ওয়াসিম উদ্দিনের অনুসারীদের সাথে জিএস আরশাদুল আলম বাচ্চুর অনুসারীদের বিরোধ দীর্ঘ দিনের। এর জেরে বিভিন্ন সময়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে।
আহত আকিব জিএস বাচ্চুর অনুসারী এবং হামলাকারীরা ভিপি ওয়াসিমের অনুসারী হিসেবে কলেজে পরিচিত।
তবে এ বিষয়ে কোনো পক্ষের নেতাদের বক্তব্য জানতে পারেনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
