২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

গুজবের হোতা লন্ডনে: হাছান মাহমুদ

গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেছেন তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2019, 09:08 PM

Updated : 18 Aug 2022, 05:34 PM

শনিবার বিকালে চট্টগ্রামের রাঙ্গুনীয়া উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, “ছেলেধরা গুজবের হোতা লন্ডনে বসে আছে। সেখান থেকে গুজব ছড়ানো হচ্ছে। আর সেটার ডাল-পালা গজিয়ে ছেলেধরা আতংক ছড়িয়ে পড়েছে। অনেক নিরীহ মানুষকে পিটিয়ে হত্যা করা হয়েছে, তা অত্যন্ত ন্যাক্কারজনক।

“সরকার এ ব্যাপারে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। হত্যা মামলার আসামি হিসেবে সবার বিচার হবে। শুধু মানুষ হত্যাকারীদের বিচার নয়, গুজব যারা রটিয়েছে তারাও সমভাবে দোষী। তাদের বিরুদ্ধেও সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করবে।”

আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ বলেন, “এখন আবার গুজব ছড়ানো হচ্ছে বিদ্যুৎ না থাকলে ছেলেধরা আসবে। গুজব রটনাকারীদের প্রতিহত করতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে।

“বর্তমানে লন্ডন আর নয়া পল্টন হচ্ছে গুজব তৈরির কারখানা। ছেলেধরা গুজব প্রথমে লন্ডন থেকে পোস্ট দেওয়া হয়। আর সেটা এখানকার কিছু বিএনপি-জামাতের নেতাকর্মী মনিটরিং করে সারা দেশে ছড়িয়ে দেন।”

তথ্যমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা মো. এমরুল করিম রাশেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি খলিলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে এবং আওয়ামী লীগ নেতা মোহাম্মদ সেলিম ও আকতার হোসেন খাঁনের সঞ্চালনায় অনুষ্ঠিত সম্মলনের প্রথম অধিবেশনের উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম ফজলে করিম চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন উত্তর জেলার সাধারণ সম্পাদক এম এ সালাম। বিশেষ অতিথি ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগ নেতা স্বজন কুমার তালুকদার, রাউজানের উপজেলা চেয়ারম্যান এহছানুল হায়দার বাবুল, মিরসরাইয়ের সাবেক উপজেলা চেয়ারম্যান গিয়াস উদ্দিন, রাঙ্গুনীয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ, রাঙ্গুনিয়ার মেয়র মোহাম্মদ শাহজাহান সিকদার প্রমুখ।