২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোরাই মোটর সাইকেলসহ গ্রেপ্তার ৪

চট্টগ্রামে মোটর সাইকেল চোর চক্রের চার সদস্যকে গ্রেপ্তার এবং চারটি মোটর সাইকেল ও চুরি করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2019, 07:46 PM

Updated : 10 Oct 2022, 09:16 PM

নগরীর বিভিন্ন স্থানে দুইদিনের অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন- রফিকুল ইসলাম (৩৬), সাহাবউদ্দিন ওরফে সাবু (৩৮), রাসেল (২৩) ও জাহাঙ্গীর আলম ওরফে শিমুল (২৮)।

পাহাড়তলী থানার ওসি মঈনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সম্প্রতি নগরীর বিভিন্ন স্থানে মোটর সাইকেল চুরির ঘটনা বেড়ে গেছে। চুরি রোধে আমরা বিশেষ অভিযান দল গঠন করে চোর চক্রের সন্ধান শুরু করি।

“শনিবার বিকাল পর্যন্ত টানা দুইদিন অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার ও মোটর সাইকেলগুলো উদ্ধার করা হয়।” 

ওসি বলেন, “শুক্রবার পাহাড়তলী থানার অলঙ্কার মোড় থেকে হাতুড়ি, স্ক্রু ড্রাইভার এবং বিভিন্ন সরঞ্জামসহ রফিকুলকে আটক করি। জিজ্ঞাসাবাদে সে চক্রের অন্য সদস্যদের নাম জানায় এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে আকবরশাহ থানা এলাকা থেকে শিমুল, পাহাড়তলী থেকে সাবু ও রাসেলকে গ্রেপ্তার করা হয়।”

পরে তাদের দেয়া তথ্যের পাহাড়তলী ও সীতাকুন্ড থানা এলাকায় অভিযান চালিয়ে চারটি মোটর সাইকেল উদ্ধার করা হয় বলে জানান ওসি মঈনুর রহমান।

অভিযানে থাকা পাহাড়তলী থানার এসআই শাহাদাত হোসেন বলেন, “চক্রটির সাথে আরও কয়েকজন জড়িত আছে। তাদের বিষয়ে আমরা অনুসন্ধান করছি। চক্রটি দুইভাগে ভাগ হয়ে দিনে ও রাতে চট্টগ্রাম নগরী থেকে মোটর সাইকেল চুরি করে।

“যাদের গ্রেপ্তার করা হয়েছে তারা দিনের বেলায় বিভিন্ন স্থানে পার্কিং করে রাখা মোটর সাইকেল চুরি করে। আর অপর দলটি রাতের বেলা বাসা-বাড়ি ও গ্যারেজ থেকে মোটর সাইকেল চুরি করে বলে তথ্য পেয়েছি।”

এসআই শাহাদাত জানান, রফিকুল ও সাবু একসাথে ঘুরে বেড়ায়। দিনের বেলায় কোনো স্থানে পার্কিং করা গাড়ি সুযোগ পেলে চুরি করে নিয়ে যায় রফিকুল। আর সাবু সেখানে লক্ষ্য রাখে।

চুরি করা মোটর সাইকেল সীতাকুন্ডে নিয়ে বিভিন্ন গ্যারেজে রাখা হয় এবং পরে খাগড়াছড়ি, কক্সবাজারসহ বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় বিক্রি করা হয়।

গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে পাহাড়তলী থানায় মামলা হয়েছে।