২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়ে পর্যটকের মৃত্যু

চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়ে  পাহাড় থেকে পড়ে এক পর্যটকের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jul 2019, 12:47 AM

Updated : 18 Aug 2022, 05:34 PM

নিহত মো. আবু আলী আল হোসাইন (৩৭) বগুড়া পৌর সদরের মালতী নগর এলাকার আবু বকর সিদ্দিকীর ছেলে। ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন তিনি। 

ফায়ার সার্ভিসের মিরসরাই স্টেশনের অফিসার তানভীর আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ঢাকা থেকে চার-পাঁচজনের একটি দলের সঙ্গে খৈয়াছড়া ঝরনায় বেড়াতে গিয়েছিলেন আবু আলী।

“শুক্রবার দুপুরে তিনি খৈয়াছড়ার প্রথম ঝরনার উপর থেকে নিচে পড়ে যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করা হয়। তার মাথার পেছনের অংশে আঘাত ছিল। স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

মিরসরাই থানার পরিদর্শক (তদন্ত) বিপুল চন্দ্র দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে থাকা আবুর কয়েকজন খবর পেয়ে এসেছেন। আমরা উনার বাবার অপেক্ষায় আছি। তিনি এসে পৌঁছালে মরদেহ হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।"