চট্টগ্রামে বাসের চাপায় পরিবহন শ্রমিকের মৃত্যু
চট্টগ্রাম শহরের চান্দগাঁও এলাকায় এক বাসের চাপায় আরেক বাসের চালকের সহকারীর মৃত্যু হয়েছে।
সোমবার সকালে কালুরঘাট ইস্পাহানি বাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহত মো. ইউসুফ (৩৫) লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর এলাকার আবদুল লতিফের ছেলে। ১ নম্বর রুটের একটি বাসের চালকের সহকারী ছিলেন তিনি।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ইউসুফ বাস থেকে নামলে পিছন থেকে অন্য একটি বাস তাকে চাপা দেয়।”
গুরুতর অবস্থায় সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালে নেওয়া হলে সকাল সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয় বলে এএসআই আলাউদ্দিন জানান।
চান্দগাঁও থানার এসআই শাহজাহান মিয়া জানান, দুর্ঘটনার খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়েছিলেন। তবে দুর্ঘটনার জন্য দায়ী বাসটিকে সনাক্ত করা যায়নি।
