ইমারত বিধি লঙ্ঘন: চট্টগ্রামে দুই ভবন মালিক কারাগারে
ইমারত নির্মাণ বিধিমালা লঙ্ঘন করে ভবন নির্মাণের এক মামলায় চট্টগ্রামের দুই ভবন মালিকের জামিন আবেদন নাকচ করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত।
চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) স্পেশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল আলম চৌধুরী মঙ্গলবার এ আদেশ দেন।
চট্টগ্রামের কল্পলোক আবাসিক এলাকা
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “বিধিমাল না মেনে ভবন করায় সিডিএ’র বিশেষ বিচারিক হাকিমের আদালতে ওই মামলা করা হয়। এরপর তাদের বিরুদ্ধে একাধিকবার সমন জারি করা হলেও তারা আদালতে হাজির হননি।”
সমনে হাজির না হলেও মঙ্গলবার ওই দুই ভবন মালিক আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিশেষ মহানগর হাকিম সাইফুল আলম চৌধুরী জামিন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
সিডিএ কর্মকর্তারা জানান, ইমরাত নির্মাণ বিধিমালা অনুসারে ভবন নির্মাণ না করলে বিধি অনুসারে ভবন মালিককে চূড়ান্ত উচ্ছেদ নোটিশ দেওয়া এবং মামলা করার বিধান আছে।
আগে সিডিএতে নির্বাহী হাকিম থাকায় তারা অভিযান পরিচালনা করে জরিমানা করতেন। সম্প্রতি সিডিএতে বিচারিক হাকিম নিয়োগ পাওয়ার পর এ আদালতে নিয়মিত মামলাও করা হচ্ছে। আগে এ ধরেরন মামলা মহানগর দায়রা জজ আদালতে পরিচালিত হত।
