২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পদোন্নতির দাবিতে চবিতে কর্মকর্তা-কর্মচারীদের কর্মসূচি

নিয়মিত পদোন্নতির দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সমাবেশ ও মানববন্ধন করেছে কর্মকর্তা ও কর্মচারীরা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jun 2019, 07:38 PM

Updated : 18 Aug 2022, 05:23 PM

মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ভবনের সামনে বঙ্গবন্ধু চত্বরে এই কর্মসূচি পালন করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার সমিতি, কর্মচারী সমিতি ও ইউনিয়ন।

সমাবেশ থেকে বক্তারা বিশ্ববিদ্যালয়ের ‘পদোন্নতির ও স্টান্ডিং কমিটির সিদ্ধান্ত' বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অফিসার্স সমিতির সভাপতি একেএম মাহফুজুর হক বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের নিয়মিত পদোন্নতি হলেও দীর্ঘ দিন ধরে কর্মকর্তা, কর্মচারীদের পদোন্নতি হচ্ছে না। 

“প্রশাসনের পক্ষ থেকে দীর্ঘ দিন ধরে কর্মকর্তা-কর্মচারিদের পদোন্নতির আশ্বাস দিলেও তা বাস্তবায়িত হওয়ার কোনো লক্ষণই নেই।”

কর্মকর্তা-কর্মচারিদের পদোন্নতির বিষয়ে আগামী ১৩ তারিখের মধ্যে সিদ্ধান্ত দেয়ার দাবি জানানো হয় সমাবেশ থেকে। তা না হলে অবরোধ ডাকার হুমকিও দেওয়া হয় সমাবেশ থেকে।

কর্মচারী সমিতির সাধারণ সম্পাদক নুরুল ইসলাম শহীদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, কর্মচারী সমিতির সভাপতি আনোয়ার হোসেন, কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল আলম বাচ্চু।