২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিএনপির সিনিয়র নেতারা ‘রাজনীতির কাক’: হাছান

বিএনপির সিনিয়র নেতাদের ‘রাজনীতির কাক’ বলে সমালোচনা করলেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2019, 09:35 PM

Updated : 18 Aug 2022, 05:22 PM

ছয় দফা দিবস উপলক্ষে শুক্রবার চট্টগ্রামে এক দলীয় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

বিএনপি ‘পাকিস্তানি ভাবধারায়’ বিশ্বাস করে বলেই তারা ছয় দফা দিবস ও ৭ মার্চ পালন করে বলে মন্তব্য করেন হাছান মাহমুদ।

তিনি বলেন, “বিএনপি বলে, তাদের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান একজন মুক্তিযোদ্ধা। অর্থাৎ তারা মুক্তিযুদ্ধের পক্ষের দল। এগুলোর সাথে তো বিএনপির কোনো দ্বন্দ্ব থাকার কথা নয়। কিন্তু তারা এ দিবসগুলো পালন করে না কেন?

“তারা ছয় দফা দিবস পালন করে না কেন? তারা ৭ মার্চ পালন করে না কেন? করে না, কারণ তারা প্রকৃতপক্ষে পাকিস্তানি ভাবধারায় বিশ্বাস করে। এবং তারা বাংলাদেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আদৌ কতটুকু বিশ্বাস করে সেই প্রশ্নই জাগে।”

বক্তব্যে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতাদের রাজনৈতিক মতাদর্শ নিয়ে প্রশ্ন তুলে এই আওয়ামী লীগ নেতা বলেন, “পঁচাত্তরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ক্ষমতার উচ্ছিষ্টভোগীদের নিয়ে জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বিএনপির যারা সিনিয়র নেতা তারা সবাই রাজনীতির কাক। কারণ এরা সবাই আগে অন্যদল করতেন।

“চট্টগ্রামের বিএনপি নেতারা কেউ কেউ আগে বামপন্থি দল করতেন। কেউ কেউ ব্যবসা-বাণিজ্য করতেন। আওয়ামী লীগে আসতে চেয়ে না পেরে বিএনপিতে গেছেন, এমপি-মন্ত্রীও হয়েছেন।”

সভায় বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও শিক্ষা উপ-মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল বলেন, “সেদিন যারা ৬ দফায় বিশ্বাস করেনি তারা বাংলাদেশের স্বাধীনতাকেও বিশ্বাস করেনি।

“বঙ্গবন্ধু ঐক্যের রাজনীতি করেছিলেন এবং সেই লক্ষ্যে জনগণকে সংগঠিত করে একটি জাতীয় জাগরণ সৃষ্টি করে ৭ মার্চের ভাষণে জাতিকে মুক্তির সংগ্রামের দিক নির্দেশনা দিয়েছিলেন।”

নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নগর কমিটির সাধারণ সম্পাদক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন, দক্ষিণ জেলার সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও সাধারণ সম্পাদক মফিজুর রহমান, উত্তর জেলার ভারপ্রাপ্ত সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী, নগরের সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী ও খোরশেদ আলম সুজন।

নগর কমিটির প্রচার সম্পাদক শফিকুল ইসলাম ফারুকের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন নগরের সহ-সভাপতি সুনীল কুমার সরকার ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমণ্ডলীর সদস্য নোমান আল মাহমুদ, শফিক আদনান, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর, মশিউর রহমান চৌধুরী, উত্তর জেলা যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।