বাড়ির পাশের ডোবায় কিশোরীর হাত-পা বাঁধা লাশ
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় এক কিশোরীর হাত-পা বাঁধা লাশ বাড়ির পাশের একটি ডোবা থেকে উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার জুইঁদন্ডী ইউনিয়নের খুরুশকুল এলাকার ডোবা লাশটি উদ্ধার করা হয়।
নিহত কিশোরী উপজেলার কোরিয়ান এপিজেডের একটি পোশাক কারখানায় চাকরি করতেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে আনোয়ারা থানার এসআই একরাম উজ জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মেয়েটি রাতে খাওয়া দাওয়া করে মার সাথে ঘুমিয়ে ছিল। ভোরে তাকে না দেখে মা খুঁজতে বের হয়।
“প্রতিবেশীরাসহ সবাই মিলে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির কাছে একটি ডোবা থেকে হাত-পা বাঁধা তার লাশ উদ্ধার করে।”
এসআই একরাম বলেন, “লাশ উদ্ধারের পর পুলিশকে খবর দেয় স্থানীয়রা। মেয়েটির হাত-পা ওড়না দিয়ে বাঁধা ও গলা ফোলা ছিল। পেছনে দুইটি দাগ আছে। তবে কিভাবে তার মৃত্যু হয়েছে সেটা ময়নাতদন্ত প্রতিবেদন পেলে বলা যাবে।”
লাশ ময়না তদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে ভোরের দিকে মেয়েচির বাড়িম আশপাশে সন্দেজনকভাবে ঘোরাফেরার সময় এক যুবককে ধরে পিটুনি দেয় প্রতিবেশীরা।
এসআই একরাম বলেন, আনুমানিক ২৩ বছর বয়েসী যুবকের নাম জামাল। তার বাড়ি গহিরা ইউনিয়নে। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।
ভোরবেলা যুবকটি কেন মেয়েটির বাড়ির কাছে গেল তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।
