শিপব্রেকিং: বর্জ্য ব্যবস্থাপনায় নজর কম মালিকদের
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে সীতাকুণ্ডের অধিকাংশ শিপব্রেকিং ইয়ার্ড মালিক বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে না মানায় পরিবেশের ক্ষতির পাশাপাশি কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নিয়ে সীতাকুণ্ডের অধিকাংশ শিপব্রেকিং ইয়ার্ড মালিক বর্জ্য ব্যবস্থাপনা যথাযথভাবে না মানায় পরিবেশের ক্ষতির পাশাপাশি কর্মরত শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে।
পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়ে, ছাড়পত্র নিয়েও বর্জ্য ব্যবস্থাপনা কার্যকর না করায় গত পাঁচ মাসে সীতাকুণ্ড উপকূলের সাতটি ইয়ার্ডকে প্রায় নয় লাখ টাকা জরিমানা করা হয়েছে।
সীতাকুণ্ড উপকূলের কুমিরা, মাদামবিবির হাট, সোনাইছড়ি, বাঁশবাড়িয়া, জাহানাবাদ, কদমরসূল এলাকায় গড়ে ওঠা শিব্রেকিং ইয়ার্ডের সংখ্যা ১৮২টি। এর মধ্যে বর্তমানে কার্যকর আছে ৮১টি।
বাংলাদেশের জলসীমায় পরিত্যক্ত জাহাজ আসার পর বিভিন্ন সংস্থাকে নিয়ে গঠিত কমিটির প্রতিবেদনের ভিত্তিতে শিল্প মন্ত্রণালয় থেকে তা কাটার অনুমোদন দেওয়া হয়।
এর বাইরে পরিবেশ অধিদপ্তর থেকে পৃথকভাবে ছাড়পত্র নিতে হয় বর্জ্য ব্যবস্থাপনার জন্য। জাহাজ থেকে বিভিন্ন বিপজ্জনক ও জাহাজ ভাঙ্গার বর্জ্য ব্যবস্থাপনার জন্য এ ছাড়পত্র নিতে হয়।
অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাঙ্গা জাহাজের ক্ষতিকারক উপাদান রাখার জন্য আলাদা কক্ষ বা জায়গা রাখতে হবে।
মুক্তাদির হাসান বলেন, “সাধারণত ১৯৯৭ সালের আগে তৈরি জাহাজে রেডিও অ্যাক্টিভিটি সম্বলিত বর্জ্য পাওয়া যায়। বর্তমানে এসব জাহাজের সংখ্যা খুবই কম। তবে অন্যান্য বর্জ্য ঠিকই পাওয়া যায়।
“ইয়ার্ডে বর্জ্য ব্যবস্থাপনা অকার্যকর রেখে জাহাজ কাটা হলে পরিবেশের ক্ষতি হয় এবং সেসব বর্জ্য সমুদ্রে গিয়ে পানি দূষণ করছে, একইসাথে শ্রমিকদের স্বাস্থ্য ঝুঁকিও তৈরি করছে।”
এক প্রশ্নে তিনি বলেন, “ইয়ার্ডগুলোতে বর্জ্য ব্যবস্থাপনা ঠিকমতো হচ্ছে কিনা তা মনিটরিংয়ের জন্য নিয়মিত অভিযান চলছে। গত পাঁচ মাসে ১৬টি ইয়ার্ডে অভিযান চালিয়ে চারটি ইয়ার্ডের বর্জ্য ব্যবস্থাপনা সঠিকভাবে কার্যকর পেয়েছি।
“বাকিগুলোর মধ্যে সাতটিকে শুনানি শেষে আট লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জাহাজ ভাঙ্গা প্রতিষ্ঠানে অবৈধভাবে জাহাজ তৈরির জন্য সিকো স্টিল নামের একটি প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়।”
ফাইল ছবি
যেসব প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে সেগুলো হল- সাগরিকা শিপ বিল্ডার্স ৫০ হাজার, খাজা শিপ ব্রেকিং পাঁচ লাখ, কদমরসূল শিপব্রেকিং ৫০ হাজার, এসএনটি শিপ রিসাইক্লিং ৬০ হাজার, জাহানাবাদ শিপ ব্রেকার্স ৬০ হাজার, এইচএম শিপ ব্রেকিং ৮০ হাজার এবং এসএল শিপ রিসাইক্লিং ৫০ হাজার টাকা।
পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের পরিচালক মোয়াজ্জেম হোসেন বলেন, “জাহাজ ভাঙ্গার পর পরিবেশের সুরক্ষা সবার আগে দেখতে হবে। নিয়মিত পরিদর্শন ও জরিমানা করায় সবাই এ বিষয়ে সচেতন হয়ে উঠবে বলে আমরা আশা করি।”
