১৫ কেজি গাঁজা উদ্ধার, আটক এক
চট্টগ্রামে তিন কেজি গাঁজাসহ এক ব্যক্তিকে আটকের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার এ অভিযান চালানো হলেও বিষয়টি সংবাদমাধ্যমকে জানানো হয় শনিবার।
বাকলিয়া থানার ওসি মো নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাহাত্তারপুল ব্লুমিং পার্ক ক্লাবের সামনের রাস্তা থেকে কায়সারকে গ্রেপ্তার করা হয়।
“তার হাতে প্লাস্টিকের বস্তায় তিন হাজার পুরিয়া গাঁজা ছিল, যার পরিমাণ প্রায় তিন কেজি।
“জিজ্ঞাসাবাদে কায়সার জানায়, নূর বেগম নামের তার এক আত্মীয় এসব গাঁজা সোহেল ওরফে সেলু নামের একজনকে পৌঁছে দেওয়ার দায়িত্ব দিয়েছে।”
ওসি নেজাম উদ্দিন বলেন, “এরপর চান্দগাঁও থানার এক কিলোমিটার এলাকায় অভিযান চালিয়ে নূর বেগমের ভাড়া বাসা থেকে আরও ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। কায়সার ওই বাসাতেই থাকে।”
উদ্ধার ১৫ কেজি গাঁজার বাজারমূল্য তিন লাখ টাকা বলে পুলিশ জানায়।
“নূর বেগম কুমিল্লার বিভিন্ন উৎস থেকে এসব গাঁজা সংগ্রহ করে নগরী ও কক্সবাজারের বিভিন্ন এলাকায় বিক্রি করেন বলে পুলিশকে জানিয়েছে কায়সা,” বলেন ওসি।
বাকলিয়া থানার নোমান কলেজ রোড এলাকার মো. মতির স্ত্রী নূর বেগমের বিরুদ্ধে নগরীর বিভিন্ন থানায় একাধিক মামলা আছে বলে পুলশের ভাষ্য।
তাকে ধরতে পুলিশের অভিযান চলছে।
এ ঘটনায় বাকলিয়া থানায় নূর বেগম ও কায়সারকে আসামি করে মামলা করা হয়েছে।
