দুটি নতুন সরকারি স্কুল পাচ্ছে চট্টগ্রাম
কয়েক দশক পর দুইটি নতুন সরকারি স্কুল পাচ্ছে চট্টগ্রামবাসী। পতেঙ্গা ও হালিশহরে হবে এই নতুন স্কুল।
ইতিমধ্যে নতুন স্কুল স্থাপনের প্রকল্পটি একনেকে অনুমোদন হয়েছে। চট্টগ্রাম নগরীতে স্কুল স্থাপনের জন্য জমিও দেখা হচ্ছে।
পাশাপাশি বন্দর নগরীর ১৫টি বেসরকারি স্কুলে হবে নতুন ভবন। আর ৩০টি বেসরকারি স্কুলের ভবন উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে।
নগরীর যেসব সংসদীয় এলাকায় সরকারি স্কুল নেই সেখানে নতুন স্কুল স্থাপনের কথা আগেই জানিয়েছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল।
সম্প্রতি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি বলেন, পতেঙ্গা এবং হালিশহর এলাকায় নতুন সরকারি স্কুল দুটি করা হবে। যা দুটি আলাদা সংসদীয় আসনের অন্তর্ভুক্ত।
নওফেল বলেন, “জয়পুরহাট, রংপুরসহ দেশের বিভিন্ন জেলায় মোট নয়টি নতুন সরকারি স্কুল করা হচ্ছে। এরমধ্যে চট্টগ্রামে দুটি। প্রতিটি স্কুল ভবন হবে ১০ তলা।
“এ সংক্রান্ত সরকারি সব অনুমোদন হয়ে গেছে। জমি চূড়ান্ত করা গেলে চলতি বছরের মধ্যে স্কুল ভবন নির্মাণের কাজ শুরু হবে। আমরা মন্ত্রণালয় থেকে প্রকল্প তরান্বিত করার চেষ্টা করছি। প্রকল্প পরিচালকের সাথেও কথা হয়েছে। তিনি শিগগিরই জমি দেখতে চট্টগ্রামে আসবেন।”
গত সপ্তাহে চট্টগ্রাম সফরকালে নতুন সরকারি স্কুল স্থাপনের জন্য একটি জমি নিজেই দেখেছেন বলে জানান শিক্ষা উপমন্ত্রী।
তিনি বলেন, প্রয়োজনে নীতিমালা শিথিল করে হলেও জমি জোগাড় করা হবে।
পাশাপাশি নগরীর বেসরকারি স্কুলগুলোর অবকাঠামো উন্নয়নেও উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান নওফেল।
এ বিষয়ে তিনি বলেন, বেসরকারি স্কুলগুলোর ভবনের সংখ্যা বৃদ্ধি এবং উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে। প্রাথমিকভাবে ১৫টি নতুন ভবন এবং ৩০টি ভবনের উর্ধ্বমুখী সম্প্রসারণ করা হবে।
প্রায় ৭০ লাখ নাগরিকের জন্য বন্দরনগরীতে সরকারি স্কুল আছে মাত্র নয়টি।
এগুলো হল- চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, ডা. খাস্তগীর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চট্টগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, সরকারি মুসলিম উচ্চ বিদ্যালয়, নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়, হাজী মুহাম্মদ সরকারি উচ্চ বিদ্যালয়, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালক) ও বাকলিয়া সরকারি উচ্চ বিদ্যালয় (বালিকা)।
এছাড়া গত বছর চট্টগ্রাম মডেল স্কুল অ্যান্ড কলেজকে প্রকল্পের আওতায় সরকারি করার ঘোষণা দেয়া হয়।
গত কয়েক বছর ধরে নগরীতে নতুন সরকারি স্কুল স্থাপনের দাবি জানানো হচ্ছিল বিভিন্ন মহল থেকে। ১৯৭২ সালের পর এই প্রথম বন্দর নগরীতে সরকারি স্কুল স্থাপনের উদ্যোগ নেওয়া হল।
শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর চট্টগ্রামে এসে গত ১২ জানুয়ারি সাংবাদিকদের সাথে মত বিনিময়ে জমি সংকটের কারণে নতুন সরকারি স্কুল করতে না পারার কথা জানিয়েছিলেন নওফেল।
পাশাপাশি সরকারি স্কুলগুলোর অবকাঠামো বৃদ্ধি করে দ্বিতীয় শিফট চালু সংক্রান্ত জেলা প্রশাসনের একটি প্রস্তাব বিবেচনাধীন থাকার কথাও বলেছিলেন।
