চট্টগ্রামের পটিয়ায় রাস্তার পাশে অজ্ঞাত পরিচয় ব্যক্তির লাশ
চট্টগ্রামের পটিয়া উপজেলায় চট্টগ্রাম-কক্সাবাজার মহাসড়কের পাশ থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার জানান, আনুমানিক ৪৫ বছর বয়সী ওই ব্যক্তি মহাসড়কের ইন্দ্রপুল এলাকায় রাস্তার পাশে পড়ে ছিলেন।
শুক্রবার সকালে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একজন গাড়ি চালক ওই ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেলে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক জানান, আগেই তার মৃত্যু হয়েছে।
এএসআই আলাউদ্দিন বলেন, “ওই ব্যক্তির পরনে সাদা চেক লুঙ্গি ও সাদা পাঞ্জাবি ছিল। মুখে ছিল দাঁড়ি। তার মুখ থেকে হালকা রক্ত বের হচ্ছিল। কীভাবে তার মৃত্যু হয়েছে তা বোঝা যায়নি।”
মরদেহ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে জানিয়ে এএসআই আলাউদ্দিন বলেন, “আমরা তার স্বজনদের খুঁজে বের করার চেষ্টা করছি।”
