২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দোভাষের সঙ্গে নাছিরের সাক্ষাৎ, সহায়তার আশ্বাস

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান জহিরুল আলম দোভাষের সঙ্গে দেখা করে জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সহযোগিতার আশ্বাস দিয়েছেন সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2019, 08:18 PM

Updated : 18 Aug 2022, 05:15 PM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ) ভবনে যান মেয়র। এসময় তাকে ফুল দিয়ে স্বাগত জানান সিডিএ চেয়ারম্যান দোভাষ।

সিডিএ’র সভাকক্ষে সিটি মেয়র ও সিডিএ চেয়ারম্যানের মধ্যে সভা হয়।

২০১৫ সালে চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) মেয়র হিসেবে দায়িত্ব নেওয়ার পর এই প্রথম সিডিএতে গেলেন নগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক নাছির।

সদ্য সাবেক সিডিএ চেয়ারম্যান ও নগর আওয়ামী লীগ কোষাধ্যক্ষ আবদুচ ছালামের সঙ্গে উন্নয়ন প্রকল্প নিয়ে দূরত্ব ছিল সিটি মেয়র নাছিরের।

সাক্ষাতের বিষয়ে জানতে চাইলে সিডিএ চেয়ারম্যান দোভাষ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (মেয়র) সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলেন।

“জলাবদ্ধতা নিরসন প্রকল্প বিষয়ে আলোচনা হয়েছে। মেয়র সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। সমন্বয় করে কিভাবে প্রকল্পটি বাস্তবায়ন করা যায়, সে বিষয়ে আলোচনা হয়েছে। জলাবদ্ধতা থেকে চট্টগ্রামবাসী যেন রেহাই পায়, সেটাই আমাদের মূল লক্ষ্য।”

‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ। পাঁচ হাজার ৬১৬ কোটি টাকার এই প্রকল্পে কাজ করছে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ারিং কোর।

এই প্রকল্পের আওতায় তিন পর্যায়ে নগরীর মোট ৩৬টি খাল খনন করা হবে। এরমধ্যে প্রথম পর্যায়ে ১৩টি খালে কাজ চলছে।

সিডিএ চেয়ারম্যানের সঙ্গে মেয়রের সৌজন্য সাক্ষাতের বিষয়ে সিসিসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভায় জলাবদ্ধতা নিরসন প্রকল্পে দ্বৈততা পরিহার ও সমন্বয় করার বিষয়ে সিদ্ধান্ত হয়।

“দ্বৈত কাজগুলোর মধ্যে নগরীর মরিয়ম বিবি খাল, মহেশখাল, প্রবর্তক মোড় ব্রিজ, শমসের পাড়া হাজির পুলসহ অন্যান্য অংশ আছে। দ্বৈততা দূর করতে এক সপ্তাহের মধ্যে যৌক্তিক প্রস্তাবনা প্রস্তুত করতে দুই সংস্থা প্রধান প্রকৌশলীকে দায়িত্ব দেয়া হয়।”

জলাবদ্ধতা নিরসন প্রকল্পে সিসিসি’র কাউন্সিলরদের সম্পৃক্ত করায় মেয়র সিডিএ চেয়ারম্যানকে ধন্যবাদ জানান।

সভায় উপস্থিত ছিলেন সিডিএ বোর্ড সদস্য ও ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন এবং হাসান মুরাদ, বোর্ড সদস্য জসিম উদ্দিন শাহ, করপোরেশনের কাউন্সিলর তারেক সোলেমান সেলিম, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা ও প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্নেল মহিউদ্দিন আহমদ, সিডিএর প্রধান প্রকৌশলী কাজী হাসান বিন শামস প্রমুখ।