চট্টগ্রামে চার বিষয়ে কমেছে জিপিএ-৫
চলতি বছর চট্টগ্রাম শিক্ষা বোর্ডে মাধ্যমিক পরীক্ষার চারটি বিষয়ে জিপিএ-৫ কম এসেছে।
বোর্ড কর্মকর্তারা মনে করছেন, এ কারণেই এবার জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যাও কমেছে।
সোমবার পরীক্ষার ফল ঘোষণার পর চট্টগ্রাম শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাংলা, গণিত, সাধারণ বিজ্ঞান ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে শিক্ষার্থীদের পাস সন্তোষজনক হলেও এ চার বিষয়ে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা কমে গেছে।
“এ চারটি বিষয়ে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা গত বছরের চেয়ে কমে গেছে। যার প্রভাব সবচেয়ে বেশি পড়েছে ব্যবসায় শিক্ষা শাখার পরীক্ষার্থীদের ওপর।”
তিনি বলেন, বাংলা, সাধারণ বিজ্ঞান ও ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে ৯৫ শতাংশের বেশি পরীক্ষার্থী পাস করলেও গণিতে মোট পাসের হার ৮৬ দশমিক ৪৩ শতাংশ, যা গত বছরের চেয়ে দুই শতাংশ কম।
ঘোষিত ফলাফল অনুসারে এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৭৮ দশমিক ১১ শতাংশ; গতবার এই হার ছিল ৭৫ দশমিক ৫০ শতাংশ।
এবছর ব্যবসায় শিক্ষা শাখায় জিপিএ-৫ পেয়েছে ৪১২ জন। গত বছর ছিল ৭৮৩ জন। বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৯৫৪ জন, যা গত বছর ছিল ৭ হাজার ২৮৫ জন।
তবে মানবিক বিভাগে জিপিএ-৫ পাওয়া পরীক্ষার্থীর সংখ্যা গতবারের চেয়ে একজন বেড়ে হয়েছে ২৭।
পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব বলেন, এবছর বাংলা বিষয়ে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৫৮১ জন। যা গত বছর ছিল ১০ হাজার ২২৯ জন। গণিতে গতবার ১৩ হাজার ৪৮৭ জন জিপিএ-৫ পেলেও এবছর পেয়েছে ৮ হাজার ৭১২ জন।
সাধারণ বিজ্ঞানে এবছর জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৭৩১ জন। যা গতবার ছিল ছয় হাজার ২৩০ জন।
আর ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিষয়ে গত বারের তুলনায় এবছর জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কমেছে প্রায় অর্ধেক। এ বিষয়ে গতবছর ৩ হাজার ১৭২ জন জিপিএ-৫ পেলেও এবছর পেয়েছে এক হাজার ৫৮৮ জন।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে এবছর এসএসসিতে অংশ নিয়েছে ১ লাখ ৪৯ হাজার ৯৯২ জন। আর পাস করেছে এক লাখ ১৬ হাজার ৮৫১ জন শিক্ষার্থী।
এদিকে তিন পার্বত্য জেলায়ও আগের বছরগুলোর তুলনায় পাসের হার বাড়লেও কমেছে চট্টগ্রাম মহানগরে।
এবছর রাঙামাটি জেলায় পাসের হার ৬৮ দশমিক ৭৫ শতাংশ, যা গত বছর ছিল ৬২ দশমিক ৭২ শতাংশ।
আর বান্দরবান জেলায় পাসের হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ। যা গতবছরের চেয়ে প্রায় আট শতাংশ বেশি। গতবছর এ হার ছিল ৫৭ দশমিক ৯২ শতাংশ।
গত বছর তিন পার্বত্য জেলার মধ্যে খাগড়াছড়ি জেলায় পাশের হার সবচেয়ে কম থাকলেও এবছর তা গতবারের তুলনায় প্রায় ১৫ শতাংশ বেড়েছে। এবছর এ জেলায় পাশের হার ৬৫ দশমিক ৪৬ শতাংশ। যা গতবছর ছিল ৫০ দশমিক ৫২ শতাংশ।
এদিকে কক্সবাজার জেলায় এবছরের পাসের হার ৭৮ দশমিক ৪৮ শতাংশ। যা গতবার ছিল ৭৪ দশমিক ২৯ শতাংশ।
পরীক্ষা নিয়ন্ত্রক মাহাবুব বলেন, “এবছর আমরা প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে দফায় দফায় বৈঠক করেছি। তাদের অনুসন্ধান করতে বলেছিলাম কোন বিষয়ে তাদের শিক্ষার্থীদের পাসের হার কম। সেটি নিরূপণ করে ব্যবস্থা নিতে বলেছিলাম। যেটি নিয়ে তারা কাজ করেছে।”
চট্টগ্রাম মহানগরীতে পাসের হার কমে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন পরীক্ষা নিয়ন্ত্রক।
