২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ভুয়া পুলিশ সদস্য গ্রেপ্তার

চট্টগ্রামে পুলিশ কর্মকর্তার দেহরক্ষী পরিচয় দেওয়া এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2019, 07:54 PM

Updated : 18 Aug 2022, 05:14 PM

বুধবার সকালে নগরীর আন্দরকিল্লা এলাকা থেকে পুলিশের পোশাক পরিহিত এ যুবককে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. আইয়ুব (২১) কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকার নুরুল হকের ছেলে।

কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আইয়ুব পুলিশের পোশাক পরে আন্দরকিল্লা জেমিসন হাসপাতালের সামনে দাঁড়িয়ে ছিল। এসময় তার আচরণ ও চালচলন অসংলগ্ন হওয়ায় সেখানে দায়িত্বরত কোতোয়ালী থানার এক এএসআই আইয়ুবের কাছে তার কর্মস্থলের কথা জানতে চান।

“আইয়ুব নিজেকে সিএমপি’র উপ-কমিশনার (বন্দর)-এর দেহরক্ষী হিসেবে পরিচয় দেয় এবং ২০১৭ সাল থেকে সিএমপি’তে কর্মরত আছে বলে জানায়।”

ওসি মহসিন বলেন, দায়িত্বরত এএসআই বিষয়টি উপ-কমিশনার (বন্দর) ‘কে ফোনে জানালে তিনি আইয়ুব নামে তার কোনো দেহরক্ষী নেই বলে জানান এবং তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। তখন তাকে গ্রেপ্তারি করা হয়।

ওসি বলেন, “জিজ্ঞাসাবাদে সে জানিয়েছে জেমিসন হাসপাতালে সে তার এক আত্মীয়কে দেখতে গিয়েছিলেন। সেখান থেকে পতেঙ্গা যাওয়ার কথা ছিল তার।”