চট্টগ্রামের হোটেল থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার
চট্টগ্রাম নগরীর স্টেশন রোড এলাকার একটি আবাসিক হোটেল থেকে পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে, যিনি আসল পরিচয় গোপন করে সেখানে উঠেছিলেন।
কোতোয়ালি থানার ওসি মো. মহসিন জানান, সোমবার রাত ১২টার দিকে স্টেশন রোডের হোটেল ম্যানিলার ৪০৭ নম্বর কক্ষ থেকে ৫০ বছর বয়সী ওই ব্যক্তির লাশ উদ্ধার করা হয়।
হোটেলের রেজিস্ট্রারে তার নাম লেখা ছিল সুমিত বড়ুয়া; বাড়ি ব্রাক্ষণবাড়িয়ায়। তবে পুলিশ পরে খোঁজ নিয়ে জানতে পারে, তার আসল নাম ঋষিকেশ সিনহা। বাঁশখালীর সাধনপুরের মৃত সুবীর সিনহার ছেলে তিনি।
কোতোয়ালি থানার এসআই মঞ্জুরুল আলম জানান, ঋষিকেশ নির্মাণ শ্রমিক সরবরাহের কাজ করতেন। চট্টগ্রামের পাঁচলাইশ এলাকার আলআমিন সড়কে তার বাসা।
ওসি মহসিন বলেন, ব্যবসায়ী পরিচয় দিয়ে গত রোববার সকালে ওই হোটেলে ওঠেন ঋষিকেশ ওরফে সুমিত । সোমবার রাত পর্যন্ত তার সাড়া না পাওয়ায় এবং তার কক্ষ ভেতর থেকে বন্ধ থাকায় হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়।
“কক্ষের ভেতরে খাটের ওপর সুমিত বড়ুয়ার মরদেহ শোয়া অবস্থায় ছিল। লাশ কিছুটা ডিকম্পোজড হতে শুরু করেছিল। বাহ্যিকভাবে দেখে মৃত্যুর কারণ বোঝ যায়নি। ময়নাতদন্ত হলে হয়ত বোঝা যাবে।”
এসআই মঞ্জুরুল বলেন, “পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আমরা জানতে পেরেছি, ঋষিকেশ আর্থিকভাবে স্বচ্ছল ছিলেন না।এ নিয়ে তিনি সাম্প্রতিক সময়ে হতাশার মধ্যে ছিলেন। গত রোববার বাসা থেকে বের হওয়ার সময় বলে গিয়েছিলেন, তাকে যেন কেউ ফোন না করে।”
ওইদিন বাসায় বাসায় না ফেরায় ঋষিকেশের পরিবারের পক্ষ থেকে পাঁচলাইশ থানায় একটি জিডি করা হয়। এরপর সোমবার রাতে হোটেল ম্যানিলা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।
