মুজিবনগর সরকার অস্তিত্বের শেকড়: নাছির
মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের শিকড় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন।
বুধবার বিকেলে চট্টগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনারে মুজিবনগর দিবস উপলক্ষে নগর আওয়ামী লীগ আয়োজিত আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
নাছির বলেন, “মুজিবনগর সরকার স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের শিকড়। এই সরকার গঠনের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধ বিশ্বে বৈধতা পেয়েছে।
“বাংলাদেশের সশস্ত্র সংগ্রাম শুধু নয় মাসের মধ্যে সীমাবদ্ধ ছিল না। পাকিস্তানি শাসকগোষ্ঠীর জাতিগত নিপীড়ন ও শোষণের বিরুদ্ধে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ২৪ বছরের ধারাবাহিক লড়াই সংগ্রাম সর্বোপরি জনগণকে সংগঠিত করে একাত্তরের সাতই মার্চ একটি জনযুদ্ধের ডাক দেন।”
তিনি বলেন, “জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অঙ্গুলি হেলনে নিরস্ত্র বাঙালি হানাদার বাহিনীর অস্ত্র কেড়ে নিয়ে সশস্ত্র হয়ে উঠেছিল। একই ভাবে বাঙালি জাতিসত্তা ও স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখে দেয়ার হিম্মত আমরা রাখি।
“পরাধীন আমলে ঔপনিবেশিক শক্তি আমাদের গ্রাস করেছিল। ধর্মের নামে শোষণ ও হানাহানি হয়েছে। আজ সেই অপচয় থেকে বেড়িয়ে এসে গরীব মানুষের ভাগ্যোন্নয়নে জাগ্রত হতে হবে এবং লুটেরাদের প্রতিহত করতে হবে।”
সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “মুজিবনগর সরকার বাংলাদেশের সশস্ত্র মুক্তিযুদ্ধের ভিত্তির সোপান। এই সরকার গঠনের মাধ্যমে আমাদের মুক্তিযুদ্ধ আন্তর্জাতিকভাবে মনোযোগ আকর্ষণ করে এবং বাংলাদেশের পক্ষে দ্রুত বিশ্ব জনমত তৈরি হতে থাকে।
“তাই মুজিবনগর সরকার বাঙালি মুক্তিযুদ্ধের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাইলফলক।”
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের উদিত সূর্য। বাংলাদেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করার সকল ষড়যন্ত্র প্রতিহত করে আমরা সোনার বাংলার অধিবাসী হতে যাচ্ছি।
“সকল সংকীর্ণতা ও ব্যক্তিস্বার্থ পরিহার করে মানসিকতার পরিবর্তন ঘটিয়ে দেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার সংকল্পই হলো মুজিবনগর দিবসের তাৎপর্য।”
নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সহ সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, খোরশেদ আলম সুজন ও জহিরুল আলম দোভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ রশিদ, বন ও পরিবেশ সম্পাদক মশিউর রহমান চৌধুরী প্রমুখ।
উপস্থিত ছিলেন নগর কমিটির সহ-সভাপতি সুনীল সরকার, সম্পাদকমণ্ডলীর সদস্য শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী, শফিকুল ইসলাম ফারুক, ইফতেখার সাইমুল চৌধুরী, চন্দন ধর প্রমুখ।
