চট্টগ্রামে দোকান কর্মচারীর লাশ উদ্ধার
চট্টগ্রামে স্বর্ণের দোকানের এক কর্মচারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
নগরীর বক্সির হাট থেকে রোববার রাতে লাশটি উদ্ধার করা হয়।
উদ্ধার করা লাশটি পুষ্পল কুমার চন্দ্রের (৩০)। তিনি বক্সির হাটে সোনার দোকান হাজী দানু মিয়া অ্যান্ড সন্সের কারখানায় কাজ করতেন বলে পুলিশ জানায়।
কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাতে রাস্তার ওপর থেকে লাশটি উদ্ধার করা হয়। তার দুই হাত ভাঙা ছিল।
“লাশের ময়না তদন্ত প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে কিভাবে পুষ্পলের মৃত্যু হয়েছে।”
ওসি বলেন, “প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি পুষ্পল আইপিএল ক্রিকেট নিয়ে জুয়া খেলতেন। যার কারণে তার অনেক ধারদেনা ছিল।”
তার সহকর্মী ও পরিচিতদের এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি।
