২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চাপিয়ে দেওয়া প্রকল্পে মেলে না সুফল’

জনগণের মতামতকে প্রাধান্য না দিয়েই ওপর থেকে বড় প্রকল্পগুলো চাপিয়ে দেওয়ায় সুফল মেলে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) চট্টগ্রামের সভাপতি অধ্যাপক মু. সিকান্দার খান।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2019, 08:09 PM

Updated : 08 Apr 2022, 04:02 PM

শনিবার বিকালে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা)-চট্টগ্রাম আয়োজিত ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা: আমাদের করণীয়’ শীর্ষক সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

অধ্যাপক সিকান্দার বলেন, বড় প্রকল্প বাস্তবায়নে যেভাবে পরিকল্পনা ও বাস্তবায়ন করা দরকার তার কোনোটাই হয়নি। তাই এগুলোর সুফল আসে না।

“সোভিয়ত রাশিয়ায় গ্রাম পর্যায় থেকে লক্ষ্য তুলে আনা হয়। পরে কেন্দ্র পরিকল্পনা প্রণয়ন করে এবং জনসাধারণকে সম্পৃক্ত করে বাস্তবায়ন করে।”

চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সাড়ে পাঁচ হাজার কোটি টাকার মেগা প্রকল্প বিষয়ে তিনি বলেন, “এ ধরনের প্রকল্প বাস্তবায়নে মাঠ পর্যায়ে অনেক সমন্বয় দরকার, যা সিভিল সোসাইটি করতে পারে। অন্যরা পারে না। বেশি টাকা দিলেই ভালো সমাধান হবে না।”

সভায় চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম বলেন, “চট্টগ্রাম শহরের এই খালগুলো কারা দখল করেছে? আপনি-আমি মিলেই তো দখল করেছি, যেখানে খালি পেয়েছি ভবন তুলেছি।

“চট্টগ্রামে সরকারি সংস্থাগুলোর ক্ষমতায়ন প্রয়োজন। তা না হলে ভালো উদ্যোগ বাস্তবায়ন সম্ভব না।”

সিডিএর প্রধান পরিকল্পনাবিদ শাহীনুল ইসলাম খান বলেন, ১৯৯৫ সালে প্রণিত মাস্টারপ্ল্যানে সেটা বাস্তবায়নের আগে প্রাতিষ্ঠানিক পুর্নগঠনের প্রস্তাব ছিল। সেটা হয়নি বলেই মহাপরিকল্পনা বাস্তবায়ন ব্যর্থ হয়েছে।

ধারণাপত্র উপস্থাপন করেন প্রকৌলশী আলী আশরাফ এবং অধ্যাপক ড. মো. মনজুরুল কিবরীয়া। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক অধ্যাপক এ বি এম আবু নোমান