২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শিশু চলচ্চিত্র উৎসবে দেখানো হবে ৬০ সিনেমা

চট্টগ্রামে শুরু হয়েছে পাঁচ দিনের আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব, যেখানে দেখানো হবে ৩২টি দেশের ৬০টি শিশুতোষ চলচ্চিত্র।  

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2019, 10:03 PM

Updated : 18 Aug 2022, 05:05 PM

চট্টগ্রাম চলচ্চিত্র কেন্দ্রের সহযোগী সংগঠন চিলড্রেন ফিল্ম সোসাইটির উদ্যোগে শুক্রবার সকালে নগরীর ফুলকি মিলনায়তনে এ উৎসবের উদ্বোধন করেন সমন্বিত শিক্ষা-সংস্কৃতি কার্যক্রমের (ফুলকি) অধ্যক্ষ শীলা মোমেন।

এমন আয়োজনের ধারাবাহিকতা রক্ষার ওপর গুরুত্ব দিয়ে একুশে পদকপ্রাপ্ত সাংবাদিক আবুল মোমেন অনুষ্ঠানে বলেন, “শিশুদের জন্য বর্তমানে অনেক ভালো সিনেমা নির্মিত হচ্ছে যা আমাদের সময়ে খুব একটা পাওয়া যেত না। শিশুদের মেধা বিকাশে শিশুতোষ চলচ্চিত্র গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

বাংলাদেশের শিশুরাও এখন আর পিছিয়ে নেই মন্তব্য করে শীলা মোমেন বলেন, “শিশুরা আগামীর কাণ্ডারী এবং তারা আজ সারা বিশ্বে যেভাবে তাদের মেধার বিকাশ ঘটিয়ে চলেছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে।”

কবি ও সাংবাদিক অরুণ দাশগুপ্তের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন শিশু চলচ্চিত্র উৎসব কমিটির পরিচালক লোকপ্রিয় বড়ুয়া এবং সচিব মোহাম্মদ কামাল।

শুক্রবার ও শনিবার ফুলকি স্কুলে, আগামী ১০ ও ১৭ এপ্রিল নগরীর অপর দুটি স্কুলে এবং ২৭ এপ্রিল চট্টগ্রাম শিশু একাডেমি মিলনায়তনে শিশুতোষ চলচ্চিত্র দেখানো হবে বলে আয়োজকরা জানান।