সিআইইউ’র ‘সেরা স্কলার’ সম্মাননা পেলেন মাহমুদুল হক
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও ইতিহাসবিদ ড. মাহমুদুল হককে ‘সেরা স্কলার’ সম্মাননা দিয়েছে বেসরকারি চিটাগাং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি (সিআইইউ)।
বুধবার নগরীর জামালখান সিআইইউ ক্যাম্পাসের মিলনায়তনে ‘স্কলারস ডে’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা জানানো হয়।
শিক্ষার গুণগত মানে গুরুত্ব দিয়ে সম্মাননা পাওয়া অধ্যাপক ড. মাহমুদুল হক বলেন, “শিক্ষার গুণগত মান বৃদ্ধি করা আগামি দিনের বড় চ্যালেঞ্জ। তাই এই বিষয়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনা হাতে নেওয়ার কোনো বিকল্প নেই।
“সততা, নৈতিকতা, উদারতা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধ অন্তরে ধারণ করে শিক্ষাবিস্তারে কাজ করে গেছি সবসময়।”
অনুষ্ঠানে একাত্তরের মহান মুক্তিযুদ্ধে আমেরিকার ভূমিকা ও তাদের যুদ্ধনীতি নিয়ে একটি গবেষণা কর্ম উপস্থাপন করেন তিনি।
প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীন বলেন, “শিক্ষার অবকাঠামো ও সামগ্রিক পরিবেশ উন্নত হলে জাতি হিসেবে আমরা আরও বেশি উন্নত ও স্বয়ংসম্পন্ন হয়ে উঠবো।”
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক আসমা সিরাজুদ্দীন বলেন, শিক্ষার অন্যতম লক্ষ্য যেমন ভালো মানুষ তৈরি করা, তেমনি আমাদেরকেও এমন কর্ম করে যেতে হবে যা যুগান্তর ধরে অনুকরণীয় ও অনুসরণীয় হয়ে থাকবে সবার ভেতর।
সভাপতির বক্তব্যে সিআইইউর উপাচার্য অধ্যাপক ড. মাহফুজুল হক চৌধুরী বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে জ্ঞান আহরণ ও বিতরণের অন্যতম তীর্থস্থান।
সিআইইউর বিজনেস স্কুলের অধ্যাপক ড. মীর মোহাম্মদ নুরুল আবসারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্কুল অব লিবারেল আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেসের ডিন কাজী মোস্তাইন বিল্লাহ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. গাজী সালেহ উদ্দিন, বেসরকারি অ্যাগ্রি বিজনেস এন্টারপ্রাইজের ম্যানেজিং পার্টনার নিজামউদ্দিন মাহমুদ সেলিম প্রমুখ।
