২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রকৌশলীর প্রত্যাহার চেয়ে পাল্টা কর্মসূচি মেয়র নাছিরের সমর্থকদের

মেয়র আ জ ম নাছির উদ্দিনের সঙ্গে ‘অশোভন আচরণ’ করার অভিযোগে গৃহায়ণ কর্তৃপক্ষের প্রকৌশলী আশ্রাফুজ্জামন পলাশকে প্রত্যাহারের দাবিতে সড়ক বন্ধ করে মানববন্ধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী ও ঠিকাদাররা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2019, 01:53 PM

Updated : 10 Oct 2022, 09:02 PM

বুধবার সকাল ১০টা থেকে এক ঘণ্টা চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনের সড়কে এ কর্মসূচি থেকে আগামী তিন দিন ওয়ার্ড কার্যালয়গুলোতে কর্মবিরতি পালনেরও ঘোষণা দিয়েছেন কাউন্সিলররা।

চট্টগ্রাম সিটি করপোরেশনের ওয়ার্ড কাউন্সিলর, ঠিকাদার সমিতি, প্রকৌশলী, কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মীসহ আওয়ামী লীগের নেতা-কর্মীরা এ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন।

২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ডের কাউন্সিলর ও প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী বলেন, বৃহস্পতি, শুক্র ও শনিবার ওয়ার্ড কাউন্সিলররা এ ঘটনার প্রতিবাদে ওয়ার্ড কার্যালয়ে যাবেন না। এ তিনদিন ওয়ার্ড অফিস বন্ধ থাকবে। এর মধ্যে বিচার না হলে রোববার কাউন্সিলররা বসে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

সিটি করপোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশু বলেন, “মেয়রের সাথে অশোভন আচরণকারী ওই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে পরিচ্ছন্নতাকর্মীদের নিয়ে নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে।”

নগরীর একটি সড়কের পাশে নালা নির্মাণ নিয়ে বিরেধের জেরে সিটি মেয়রের সঙ্গে আলোচনা করতে সোমবার রাতে নগর ভবনে গিয়েছিলেন গৃহায়ণ কর্তৃপক্ষের ছয় কর্মকর্তা।

আলোচনার সময় কথা কাটাকাটির জেরে মেয়র ও ওয়ার্ড কাউন্সিলর গোলাম মোহাম্মদ জুবায়ের প্রকৌশলী আশ্রাফুজ্জামন পলাশকে থাপ্পড় মারেন বলে অভিযোগ ওঠে।

এ ঘটনার প্রতিবাদে গৃহায়ণের কর্মকর্তা-কর্মচারীরা মঙ্গলবার কর্মবিরতি পালন করেন। পরে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন দুপুরে সাংবাদিকদের বলেন, মারধর নয়, ‘বেয়াদবি করায়’ তিনি ‘বকাঝকা’ করেছেন।

পাল্টা কর্মসূচি হিসেবে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা বুধবার সকাল ৯টা থেকেই প্রেস ক্লাবের সামনে জড়ো হন। কয়েকশ পরিচ্ছনকর্মীও তাদের কর্মসূচিতে যোগ দেন। গুরুত্বপূর্ণ দুটি সড়কের একপাশ বন্ধ করে মানববন্ধন ও সমাবেশ করেন তারা।

করপোরেশনের কাউন্সিলরদের মধ্যে আনজুমান আরা বেগম, গিয়াস উদ্দিন, মনোয়ারা বেগম মনি, এফ কবীর আহমদ মানিক, শৈবাল দাশ সুমন, আবদুল কাদের, গোলাম মোহাম্মদ জুবায়ের, সিটি করপোরেশন ঠিকাদার সমিতির সভাপতি এস এম শফিউল আলম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম, সিটি করপোরেশন স্কুলের শিক্ষক নজরুল ইসলাম, সিবিএ সাধারণ সম্পাদক মোরশেদুল আলম চৌধুরী, শ্রমিক লীগ নেতা শফর আলী কর্মসূচিতে উপস্থিত ছিলেন।

গৃহায়ণের প্রকৌশলী আশ্রাফুজ্জামান পলাশকে ৪৮ ঘণ্টার মধ্যে প্রত্যাহার করা না হলে সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারী ঐক্য পরিষদ কঠোর কর্মসূচি দেবে বলে হুশিয়ার করা হয় মানববন্ধনে।