সুদীপ্ত হত্যায় গ্রেপ্তার ফয়সাল তিন দিনের রিমান্ডে
চট্টগ্রামে ছাত্রলীগ নেতা সুদীপ্ত হত্যা মামলায় গ্রেপ্তার জিয়াবুল হক ফয়সালকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ রিমান্ডে পাঠিয়েছে আদালত।
চট্টগ্রামের মহানগর হাকিম আল ইমরান খান মঙ্গলবার রিমান্ড শুনানি শেষে এই আদেশ দেন।
সোমবার বিকালে নগরীর দেওয়ান হাট এলাকা থেকে ফয়সালকে (৩৫) গ্রেপ্তার করার পর মঙ্গলবার তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
সেই আবেদনের শুনানি নিয়ে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করে বলে নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী শাহাবউদ্দিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান।
মামলার তদন্ত কর্মকর্তা ও পিবিআইয়ের পরিদর্শক সন্তোষ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সুদীপ্ত হত্যায় ফয়সাল সরাসরি জড়িত ছিলেন বলে এর আগে গ্রেপ্তার হওয়া মোক্তার আদালতে দেওয়া জবানবন্দিতে জানিয়েছেন।”
সুদীপ্ত বিশ্বাস
নগরীর লালখান বাজার ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দিদারুল আলম মাসুমের অনুসারীরাই সুদীপ্তকে পিটিয়ে মেরেছে বলে শুরু থেকেই অভিযোগ করে আসছে নগর ছাত্রলীগের একাংশ।
এ ঘটনার অন্যতম সন্দেহভাজন আইনুল কাদের নিপুসহ বিভিন্ন সময়ে গ্রেপ্তার ১১ জনের সবাই এই মাসুমের অনুসারী। যাদের মধ্যে পাপ্পু ছাড়া ১০জন জামিনে রয়েছেন।
