২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ‘ডিবি পরিচয়ে’ ছিনতাইয়ের সময় দুজনকে পিটুনি

চট্টগ্রামে গোয়েন্দা পুলিশ পরিচয়ে এক ব্যক্তির কাছ থেকে টাকা ও মোবাইল হাতিয়ে নেওয়ার সময় দুইজনকে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2019, 04:22 PM

Updated : 18 Aug 2022, 05:04 PM

এরা হলেন- মো. জাহেদুল ইসলাম (৪৪) ও খোকন মিয়া (৩০)।

নগরীর বিআরটি বাস টার্মিনাল এলাকায় রোববার রাতে তাদের পিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয় বলে কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ মহসিন জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কাউছার আলম নামে এক ব্যক্তি রোববার সন্ধ্যায় চাঁদপুর থেকে চাকরির খোঁজে চট্টগ্রামে আসেন। রেল স্টেশন থেকে বিআরটিসি মোড়ে এসে কাউছার চা পান করার সময় জাহেদুল ও খোকন তার কাছে গিয়ে চাকরি দেওয়ার প্রলোভন দেখায়।

“কথা বলার জন্য তাকে বিআরটিসি বাস কাউন্টারের মাঠে নিয়ে ডিবি পুলিশ পরিচয় দিয়ে জাহেদুল ও খোকন তার কাছ থেকে টাকা ও মোবাইল সেট ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করে।ওই সময় কাউছার চিৎকার করলে স্থানীয় লোকজন জাহেদুল ও খোকনকে ধরে পিটুনি দিয়ে পুলিশের হাতে সোপর্দ করে।”

এই ঘটনায় কাউছার বাদী হয়ে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করেছেন বলে জানান ওসি মহসিন।