কারিতাসের আন্তঃধর্মীয় সভা
সব ধর্মে মানবতার জয়গান গাওয়া হলেও সমাজে এর মর্মবাণী সঠিকভাবে পৌঁছাচ্ছে না বলে মত এসেছে চট্টগ্রামের এক আলোচনা সভা থেকে।
রোববার বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস আয়োজিত ‘ত্যাগ ও সেবা অভিযান’ উপলক্ষে আয়োজিত আন্তঃধর্মীয় সভায় এ মত আসে।
সভার প্রধান অতিথি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. ফরিদ উদ্দিন চৌধুরী বলেন, মানবতার অর্থ হচ্ছে পরস্পরের প্রতি শ্রদ্ধাবোধ ও ভালোবাসা। এটা সব ধর্মের মূলবাণী।
“‘কিন্তু আমাদের দেশে শিক্ষাটা শুধু সনদ অর্জনের হাতিয়ার অর্জনের শিক্ষা হয়ে গেছে। এর সঙ্গে নৈতিকতা ও মানবিকতার সম্পর্ক ধীরে ধীরে কমে আসছে। এজন্য একজন প্রতিবেশী খুন হলে অপরজন মুখ ঘুরিয়ে নেয়।”
অধ্যাপক ফরিদ বলেন, সারাবিশ্বে এবং আমাদের দেশে উন্নয়নের একটি বিষয় জোরেশোরে প্রচার পাচ্ছে। উন্নয়ন মানে তো শুধু যান্ত্রিক অগ্রগতি নয়। উন্নয়ন হচ্ছে সেটাই, যা ধনী-গরিবের মধ্যে বৈষম্য কমায়, যা মানুষে-মানুষে ভেদাভেদ কমায়।
সভায় আলোচক হিসেবে প্রধান চার ধর্মের চারজন প্রতিনিধি উপস্থিত থেকে বক্তব্য দেন। এরা হলেন- বোয়ালখালী উপজেলার মেধস মুনির আশ্রমের সভাপতি অধ্যাপক সচ্চিদানন্দ রায় চৌধুরী, কাতালগঞ্জ বৌদ্ধবিহারের অধ্যক্ষ ভদন্ত উপানন্দ মহাথেরো, চন্দনাইশের কামালে ইশকে মুস্তফা ফাজিল মাদ্রাসার ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক কাজী মোহাম্মদ আমিন উল্লাহ এবং জপমালা রানি ক্যাথিড্রাল, চট্টগ্রামের পাল-পুরোহিত সুব্রত বনিফাস টলেন্টিনো।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কারিতাস চট্টগ্রাম অঞ্চলের পরিচালক জেমস গোমেজ। অনুষ্ঠানে কারিতাসে দীর্ঘসময় পর্যন্ত কর্মরত ৩১ জন কর্মীকে ‘লং সার্ভিস অ্যাওয়ার্ড’ দেওয়া হয়।
