২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অনৈতিক পথে যাবেন না: শিক্ষার্থী-অভিভাবকদের শিক্ষামন্ত্রী

এইচএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। 

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2019, 07:38 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

রোববার চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমাবর্তনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, “আমি আশা করি কেউ কোনোভাবে কোনো অনৈতিক পথে যাবেন না। প্রশ্নফাঁস করে সেটা থেকে সুবিধা আদায়ের কোনো চেষ্টা পক্ষ কোনো করবেন না।”

পরীক্ষা সংশ্লিষ্টদের নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে তিনি বলেন, “আমরা আশা করি পরীক্ষার্থীরা তাদের মেধা ও প্রস্তুতি দিয়ে তাদের পক্ষে যতটুক ভালো ফলাফল করার সম্ভাবনা রয়েছে তারা তা করতে পারবেন।”

প্রশ্নপত্র ফাঁসের ‘গুজবে’ কান না দিতেও পরীক্ষার্থী ও অভিবাবকদের প্রতি আহ্বান জানান শিক্ষামন্ত্রী দীপু মনি।

তিনি বলেন, “কিছু প্রতারক চক্র রয়েছে যারা প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে অর্থ আদায় করে। তাদের প্রতারণার খপ্পরে পড়বেন না। আমি অভিভাবক, শিক্ষক, পরীক্ষার্থী সকলের কাছে আবেদন জানাব; প্রতারিত হবেন না।”

এ বছর এসএসসি পরীক্ষায় প্রশ্নফাঁসের কোনো ঘটনা ঘটেনি দাবি করে দীপু মনি বলেন, “আমরা বিশ্বাস করি, যে ব্যবস্থা নেওয়া হয়েছে তাতে এইচএসসিতেও প্রশ্নফাঁস হবে না। এবার তীক্ষ্ণ গোয়েন্দা নজরদারি রয়েছে।”

প্রশ্নফাঁসে জড়িত কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে ‘কঠোর ব্যবস্থা’ নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন মন্ত্রী।

অন্যদের মধ্যে শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল এবং পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বাংলাদেশের দুই হাজার ৫৭৯টি কেন্দ্রে সোমবার এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে। এবার মোট ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে।

পুরনো খবর:

এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে সোমবার