২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে আওয়ামী লীগ: শাহাদাত

আওয়ামী লীগ গণতন্ত্র ধ্বংস করে বাকশাল প্রতিষ্ঠা করতে চায় বলে মন্তব্য করেছেন নগর বিএনপির সভাপতি শাহদাত হোসেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2019, 06:23 PM

Updated : 18 Aug 2022, 05:03 PM

শনিবার দুপুরে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয় প্রাঙ্গণে খালেদা জিয়ার মুক্তির দাবিতে আয়োজিত প্রতীকী অনশন কর্মসূচিতে তিনি বলেন, মধ্যরাতের ভোটে তারা ক্ষমতা দখল করে আছে। গণতন্ত্রকে ধ্বংস করে পুনরায় বাকশাল প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে।

“আওয়ামী লীগের ফ্যাসিস্ট শাসনে যাতে কোনো বাধা না থাকে সেজন্য বেগম খালেদা জিয়াকে কারাগারে বন্দি করে রাখা হয়েছে। তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। সরকার অশুভ উদ্দেশ্যে ও প্রতিহিংসার বশবর্তী হয়ে তার চিকিৎসা ও মুক্তিতে বাধা দিচ্ছে।”

বেগম খালেদা জিয়াকে সরকার কারাগারে ‘হত্যার পাঁয়তারা’ করছে দাবি করে শাহাদাত হোসেন বলেন, বিএনপির পক্ষ থেকে বারবার দাবি করার পরও সরকার তার চিকিৎসার কোনো ব্যবস্থা গ্রহণ করছে না।

“একই মামলায় অন্য আসামিরা জামিনে থাকলেও খালেদা জিয়াকে জামিন দেওয়া হচ্ছে না।”

নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর বলেন, সরকার একজন সাবেক প্রধানমন্ত্রী ও মহিয়সী নারীকে অমানবিকভাবে কারাগারে বন্দি করে নিপীড়ন চালাচ্ছে।

নগর বিএনপির সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, মহাজালিয়াতির নির্বাচনের মাধ্যমে সরকার ক্ষমতায় এসেছে। নির্বাচনের আগে বিএনপির নেতাকর্মীদের নামে দেওয়া হাজার হাজার মিথ্যা মামলায় এখনও হয়রানি করা হচ্ছে।

তিন ঘণ্টা পর বেলা একটায় নগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক একরামুল করিম ও কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এ ম নাজিম উদ্দিন নেতাকর্মীদের অনশন ভঙ্গ করান।

নগর কমিটির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলামের পরিচালনায় অনশন কর্মসূচিতে বক্তব্য রাখেন নগর বিএনপির সহ-সভাপতি এম এ আজিজ, বিএনপি নেতা মুহাম্মদ মিয়া ভোলা, শাহ আলম, ইসকান্দার মির্জা, আহমেদুল অালম চৌধুরী রাসেল, ইদ্রিস আলী, আইয়ুব খান, ইসহাক চৌধুরী আলিম প্রমুখ।