চট্টগ্রামে মায়ের করা চাঁদাবাজির মামলায় ছেলে গ্রেপ্তার
চট্টগ্রামে মায়ের করা চাঁদাবাজির মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ইলিয়াস আগে এলাকায় একটি ওষুধের দোকান চালাতেন। শুক্রবার বিকালে নগরীর বাহির সিগনাল এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে চান্দগাঁও থানার এসআই জাকির হোসেন জানান।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ইলিয়াসের মা সালমা খাতুন তার বিরুদ্ধে চাঁদাবাজি ও হত্যা চেষ্টা মামলা করেন।
“ইলিয়াস বলেছেন, তিনি আগে ডাক্তার ছিলেন এখন সাংবাদিক হয়েছেন।”
ইলিয়াসের ভাই গোলাম মোহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওষুধের দোকান চালানোর সময় ইলিয়াস নিজেকে ডাক্তার বলে পরিচয় দিতেন। এখন লোকজনকে বলে বেড়ান সাংবাদিকতা করেন।
“কয়েক বছর ধরে দোকান নেই। আমাদের সাথে এক বাসায় থাকে না। এলাকাতেই বাসা ভাড়া নিয়ে থাকে। সেখান থেকে এসে বিভিন্ন সময় সে আমার মায়ের কাছে টাকা দাবি করত। টাকা না দিলে মা ও আমাদের ওপর হামলা করত।”
এ নিয়ে অতিষ্ঠ হয়ে তাদের মা সালমা খাতুন কয়েকদিন আগে থানায় গিয়ে এই মামলা করেন বলে জানান তিনি।
