চোরের দল লালনে দুই ‘বড় ভাই’
চট্টগ্রামে ‘ভাসমান’ কিশোর-তরুণদের নিয়ে চোরের দল গড়ে তোলা দুই জনের নাম উঠে এসেছে ওই দলের আটক হওয়া কয়েকজন সদস্যের জবানিতে।
নগরীর বিভিন্ন এলাকায় সংঘটিত কয়েকটি চুরির পর বুধবার রাতে পশ্চিম মাদারবাড়ি বালুর মাঠ এলাকা থেকে পাঁচ চোরকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তার পাঁচজন হলেন- মো. বাদশা (১৮), মো. রাসেল (১৯), নুর উদ্দিন ওরফে আলী (২০), জাকির হোসেন (১৯) ও মো. সোহেল (২০)।
গত কয়েক বছরে তারা নগরীতে দুই শতাধিক চুরির ঘটনা ঘটিয়েছে বলে দাবি পুলিশের।
চোরের দলের আটক হওয়া পাঁচ সদস্য ‘নগরীতে বিভিন্ন অফিস ও বাসা বাড়িতে চুরি করে বেড়াতো’ বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন সদরঘাট থানার ওসি নেজাম উদ্দিন।
তিনি বলেন, “গত বছরের ১৭ অক্টোবর নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদে আসলাম টাওয়ারের দুইটি অফিসে চুরি হয়। সে চুরির দুইটি ল্যাপটপও তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে।“
এছাড়াও তাদের কাছ থেকে একটি দেশীয় বন্দুক, তিন রাউন্ড কার্তুজ, চাপাতি, ছুরি ও জানালার গ্রিল কাটার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ।
আগেও বিভিন্ন সময়ে তারা গ্রেপ্তার হয়েছিল উল্লেখ করেন সদরঘাট থানার ওসি।
এই চক্রটির কয়েকজন ‘বড় ভাই’ আছে যারা ভাসমান কিশোর-তরুণদের নিয়ে চোরের দল গড়ে তুলেছে বলে দাবি করেছে পুলিশ।
ওসি নেজাম বলেন, “রেল স্টেশন এলাকায় তাদের বেড়ে ওঠা। শিশু বয়সেই তারা নেশাগ্রস্ত হয়ে পড়ে। নেশার টাকা জোগাড় করতে আগে যাত্রীদের ব্যাগ-মোবাইল ফোন চুরি করলেও এখন বিভিন্ন প্রতিষ্ঠান ও বাসা বাড়িতে চুরির কাজে জড়িয়ে পড়েছে।”
চোরের দল লালনকারী বড় ভাইরা চুরির মালামালগুলো কিনে নেওয়া ছাড়াও চুরিতে জড়িতরা আটক হলে তাদের জামিন করিয়ে নেওয়ার কাজ করেন।
“চুরি করা জিনিসগুলো বড় ভাইরা কিনে নেন। পাশাপাশি বিভিন্ন সময়ে গ্রেপ্তার হওয়ার পর তাদের জামিন করিয়ে নিতেও সহায়তা করেন এরা।”
চোরদের সহায়তাকারী বড়ভাইদের মধ্যে একজন মোহাম্মদ কামাল (২৬) এবং অন্যজন জুয়েল বলে জেনেছে পুলিশ।
এর মধ্যে কামালের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুরে। তবে থাকেন চট্টগ্রামের পশ্চিম মাদারবাড়ি এসআরডি রেল বিটের কাছে টং ফকিরের মাজারের বিপরীতে।
পুলিশ কর্মকর্তা রুহুল আমিন বলেন, “কামাল ও জুয়েল এই চক্রটির কাছ থেকে চুরি করা মালামাল কেনার পাশাপাশি তাদের খরচের জন্য অগ্রিম টাকা দিয়ে থাকেন।”
গত বছরের ১৭ অক্টোবর রাতে আসলাম টাওয়ারের দুইটি অফিসে টাকা ও ল্যাপটপ চুরির ঘটনায় ডবলুমরিং থানায় একটি মামলা হয়।
সেসময় ওই চুরির ঘটনার মামলায় আটক হওয়া সদস্যদের জামিনে ছাড়িয়ে আনেন জুয়েল।
ডবলমুরিং থানার পরিদর্শক (তদন্ত) জহির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই চুরির ঘটনায় রাসেলকে গ্রেপ্তার করে ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছিল।
“পরে আদালতে দেওয়া রাসেলের স্বীকারোক্তির পর বাদশা ও নুর উদ্দিনকে গ্রেপ্তার হয়েছিল।”
এরপরই এই চোর চক্রের লালনকারী কামালের নাম জানতে পেরে তখন থেকে তাকে খুঁজছে পুলিশ।
এলাকায় দান-খয়রাত করার জন্য কামালের আলাদা পরিচিতি রয়েছে বলে জানিয়েছেন ওসি নেজাম।
তিনি বলেন, “কামাল চোরদের বড় ভাই হলেও এলাকায় বিভিন্ন দান খয়রাত করে থাকেন। আমাদের কাছে তথ্য আছে সে এলাকায় বিভিন্ন মানুষকে টাকা দিয়ে থাকে।”
সরদঘাট থানার পরিদর্শক (তদন্ত) রুহুল আমিন জানান, “এই দলটিতে আট থেকে নয়জন রয়েছে। তাদের কয়েকজন চুরি করতে প্রবেশ করলেও বাকি কয়েকজন বাইরে তাদের পাহারায় থাকেন।
“জানালার গ্রিল কেটে কিংবা গ্লাস খুলে তারা প্রতিষ্ঠানে কিংবা বাসা বাড়িতে ঢুকে পড়ে। সেখান থেকে মোবাইল, ল্যাপটপ, নগদ টাকা চুরি করে।”
এদিকে গ্রেপ্তার পাঁচজন ছাড়াও তাদের সহযোগী রবিউল হোসেন (২৩), আনোয়ার হোসেন (২২) এবং কামাল ও জুয়েলকে আসামি করা হয়েছে মামলায়।
