দূষণের জন্য ফুলকলি কারখানাকে জরিমানা
ইটিপি অকার্যকর রেখে অপরিশোধিত তরল বর্জ্যে খাল দূষিত করায় চট্টগ্রামের পটিয়ায় খাদ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ফুলকলিকে ১০ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।
বুধবার অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চলের কার্যালয়ে শুনানি শেষে পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়নের নাইখান গ্রামে অবস্থিত ফুলকলি অ্যান্ড কোম্পানির কারখানাকে এ জরিমানা করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের সহকারী পরিচালক মুক্তাদির হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফুলকলি নামক প্রতিষ্ঠানটি তলল বর্জ্য পরিশোধনাগার (ইটিপি) অকার্যকর রেখে অপরিশোধিত বর্জ্য পার্শ্ববর্তী সার্জেন্ট মহিউল আলম খালে নির্গমন করে পরিবেশ ও প্রতিবেশের ক্ষতিসাধন করে আসছিল।
১৫ দিন আগে সরেজমিন পরিদর্শনে প্রাথমিক প্রমাণ মেলার পর বুধবার প্রতিষ্ঠানটির প্রতিনিধিকে শুনানিতে ডাকা হয়। শুনানি শেষে ইটিপি অকার্যকর রেখে বাইপাস লাইনের মাধ্যমে বর্জ্য খালে নির্গমন করে খালের পানি দূষণ করার ১০ লাখ টাকা জরিমানা করা হয়।
একইসাথে আগামী একমাসের মধ্যে ইটিপি নির্মাণ করে তরল বর্জ্য নির্গমনের নির্দেশ ফুলকলি কর্তৃপক্ষকে দেওয়া হয় বলে মুক্তাদির হাসান জানান।
