২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চবিতে ছাত্রজোটের উপর দুই দফা হামলায় আহত ৮

ডাকসু নির্বাচন বাতিলের দাবিতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রগতিশীল ছাত্রজোটের উপর দুই দফা হামলায় কমপক্ষে ৮ জন আহত হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2019, 07:02 PM

Updated : 10 Oct 2022, 08:59 PM

‘প্রহসনের নির্বাচন বাতিল করে পুনরায় ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণা এবং অবিলম্বে চাকসু নির্বাচনের’ দাবিতে মঙ্গলবার মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রজোট।  

দুপুর সাড়ে ১২টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে মিছিলে ছাত্রলীগ হামলা চালায় বলে অভিযোগ করেছে ছাত্রজোট।

ছাত্র ইউনিয়নের চবি শাখার সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর অপু বলেন,  “আমাদের শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের কর্মীরা দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়।

“এসময় তারা আমাদের নারী কমরেডদেরও লাঞ্ছিত করে। তাদের এ নৃশংস হামলায় বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছে।”

এ ঘটনায় আহতদের মধ্যে রয়েছে আবিদ খন্দকার, ওয়াসি, জান্নাত মুমু, সায়মা আক্তার ও রাজেশ।

হামলার এই ঘটনা নিয়ে প্রক্টর অফিসে লিখিত অভিযোগ করা হবে বলে জানিয়েছেন ছাত্র ইউনিয়নের চবি শাখার সাধারণ সম্পাদক।

এ প্রসঙ্গে চবি প্রক্টর আলী আজগর চৌধুরী বলেন,  “ছাত্র সংগঠনগুলো কোনো কর্মসূচি পালনের আগে যদি প্রক্টর অফিসকে অবহিত করতো তাহলে আমরা প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে রাখতে পারতাম।”

তবে ঘটনা জানার পর পুলিশ ও প্রক্টরিয়াল বডি উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে বলে জানান চবি প্রক্টর।

ছাত্র সংগঠনগুলোর ‘সহাবস্থানে’ গুরুত্ব দিয়ে প্রক্টর বলেন, “ক্যাম্পাসে গণতন্ত্রের চর্চা হোক সেটা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষও চায়।

“ছাত্রসংগঠনগুলোর মধ্যে আন্তরিকতা না থাকলে পুলিশ দিয়ে ক্যাম্পাসে সহাবস্থান নিশ্চিত করা সম্ভব নয়।”

এদিকে ক্যাম্পাসে হামলার পর তিন নম্বর রুটের বাসে করে নগরীতে ফেরার সময় ফতেয়াবাদ এলাকায় পুনরায় হামলার শিকার হন প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন চবি সংসদের সাংগঠনিক সম্পাদক মাহবুবা জাহান রুমি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শহরে যাওয়ার পথে ছাত্রলীগের ছেলেরা বাস থামিয়ে আমাদের উপর হামলা চালায়।

“এসময় সাধারণ সম্পাদক গৌরচাঁদ ঠাকুর, আশরাফি মিতু ও আমি আহত হই।”

আহত গৌরচাঁদ ঠাকুরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

হামলার এ অভিযোগ নিয়ে চবি শাখা ছাত্রলীগের বিলুপ্ত কমিটির উপ-দপ্তর বিষয়ক সম্পাদক মিজানুর রহমান বিপুল বলেন,  “তারা জননেত্রী শেখ হাসিনা ও ছাত্রলীগ সংগঠন নিয়ে উল্টাপাল্টা স্লোগান দিলে জুনিয়ররা সেটা সহ্য করতে পারেনি।”

তবে পরে  ছাত্রজোটের সঙ্গে সমঝোতার চেষ্টা করা হয় বলে জানান মিজানুর।