চট্টগ্রামে হল ওমেন ইন এডুকেশন সামিট
চট্টগ্রামে দিনব্যাপী ওমেন ইন এডুকেশন সামিটের নানা কর্মসূচি পালিত হয়েছে।
জব মার্কেট বিডি ডটকম এবং এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন-এর যৌথ উদ্যোগে নগরীর আগ্রাবাদ হোটেলে শুক্রবার এই সম্মেলন হয়।
ওমেন ইন এডুকেশন সামিট-২০১৯ এর বিভিন্ন সেশনে আলোচনা হয় প্রযুক্তি, অর্থনীতি, ইনোভেশন, লিডারশিপ, ইমোশোনাল ইন্টেলিজেন্স, ওয়ার্ক-লাইফ ব্যালান্স, জেন্ডার ইকুয়ালিটি, জেন্ডার ইকুইটি, ইন্ক্লুসিভ ডেভেলপমেন্ট, সামাজিক নিরাপত্তা এবং উন্নয়ন অগ্রযাত্রায় নারী-পুরুষের সহোযোগিতামূলক অংশগ্রহণ বিষয়ে।
আলোচনায় অংশ নেন বিএসআরএম গ্রুপের পরিচালক সাবিন আমীর, ফ্রোবেল প্লে স্কুলের অধ্যক্ষ তাহসিন জোহাইর, আমেরিকান কর্ণার-চট্টগ্রাম এর সহকারী পরিচালক রুমা দাস, চট্টগ্রাম ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আনজুমান বানু লিমা, এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন-এর কমিউনিকেশন কো-অর্ডিনেটর লরেন কানা চান, ইন্টারন্যাশনাল হোপ স্কুল বাংলাদেশ-এর উপাধ্যক্ষ মুহারেম ওজাদ, মেনটরস চট্টগ্রামের প্রধান মানজুমা মোরশেদ এবং ব্র্যাকের সিনিয়র ম্যানেজার তানজিলা মজুমদার দৃষ্টি।
দিনব্যাপী আয়োজনে অংশগ্রহণ করেন বিভিন্ন দেশের শতাধিক ছাত্রী, শিক্ষিকা ও নারী পেশাজীবী।
আয়োজক প্রতিষ্ঠান জব মার্কেট বিডি ডটকমের চিফ এক্সিকিউটিভ অফিসার মো. আবু হোয়ায়রা বলেন, “নারীদের মেধা ও মননের পরিপূর্ণ বিকাশে অংশীদারদের মধ্যে সচেতনতা বাড়াতে আমাদের এ আয়োজন। আগামীতে আরো বড় পরিসরে এ ধরনের অনুষ্ঠান আয়োজনের পরিকল্পনা রয়েছে।”
অনুষ্ঠানের সমাপনী পর্বে নাচ ও গান পরিবেশন করেন মিয়ানমার, ভিয়েতনাম, নেপাল, ভুটান ও বাংলাদেশের শিক্ষার্থীরা।
