রাজনীতিতে ‘শূন্যতা’, বাম ঐক্যের আহ্বান সিপিবির
বাংলাদেশের রাজনীতিতে এখন ‘শূন্যতা’ বিরাজ করছে দাবি করে এই পরিস্থিতি বদলাতে বাম শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সিপিবি।
দলের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বুধবার পুরানা পল্টনে মুক্তিভবনে দলীয় কার্যালয়ে এক আলোচনা সভায় এই আহ্বান জানান সিপিবি সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম।
তিনি বলেন, “বর্তমানে দেশে যে রাজনৈতিক শূন্যতা চলছে সে শূন্যতা বাম কমিউনিস্টদের পূরণ করতে হবে। ডবল মার্চ করে পার্টি ও গণআন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।”
দেশে ‘ভয়ংকর পরিস্থিতি’ চলছে দাবি করে সিপিবি সভাপতি বলেন, “ফ্যাসিবাদের লক্ষণগুলো স্পষ্ট। জনসমর্থনহীন সরকার নির্বাচনকে রাষ্ট্রায়ত্তকরণ করেছে। এর অভিঘাত রাষ্ট্রের মতো শাসক দলের উপরও পড়বে। শাসকগোষ্ঠীর সৃষ্ট নৈরাজ্য ফ্যাসিবাদকে বিস্তৃত করবে।”
“বর্তমান সরকার উন্নয়নের নামে ৯৯ শতাংশ মানুষের উপর নিপীড়নের যাঁতাকল চাপিয়ে দিয়ে এক শতাংশকে লাভবান করছে”, বলেন সেলিম।
তিনি বলেন, “ইতিহাস সাক্ষ্য দেয় সবাইকে ম্যানেজ করা যায়, কিন্তু শত্রুরাও জানে কমিউনিস্টদের ম্যানেজ করা যায় না।”
সিপিবির সাবেক সভাপতি সহিদুল্লাহ চৌধুরী বলেন, “ক্ষমতাসীনরা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে। জনগণ থেকে বিচ্ছিন্নতা ফ্যাসিবাদের ভয়ংকর পরিস্থিতি তৈরি করছে।
”…কমিউনিস্ট ও বাম-প্রগতিশীলদের ঐক্য গড়তে কমিউনিস্ট পার্টিকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
দলটির সাবেক আরেক সভাপতি মনজুরুল আহসান খান বলেন, কমিউনিস্টরা সাম্প্রদায়িকতার ভিত্তিতে ভারত ভাগের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল।
“বঙ্গবন্ধু পাকিস্তান আন্দোলনের কর্মী ছিলেন। কিন্তু কমিউনিস্টরা পাকিস্তান আন্দোলনের জালে পড়িয়ে পড়েনি। সেকারণে পাকিস্তানের ২৩ বছর কমিউনিস্টদের নিষ্ঠুর নিপীড়ন ভোগ করতে হয়েছিল।”
“আজকের বাস্তবতায় কমিউনিস্টদের প্রধান কর্তব্য হচ্ছে জনসম্পৃক্ততা বৃদ্ধি করা,” বলেন মনজুর।
সভায় ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্য ইতিহাসে সিপিবি ও কমিউনিস্টদের ভূমিকার গুরুত্ব তুলে ধরে বলেন, ‘ঐক্য’ গড়ে তুলতেও সিপিবিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান সিপিবির একাত্তর বছরের ইতিহাস বর্ণনা করে জাতীয় ও শ্রেণি সংগ্রামে কমিউনিস্ট পার্টির ভূমিকার প্রশংসা করেন।
ভাষাসংগ্রামী কামাল লোহানী জাতীয় সংগ্রামে কমিউনস্টদের ভূমিকা বর্ণনা করে বলেন, “গত একশ বছরের এ অঞ্চলে কমিউনিস্টরা জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ মুহূর্তে প্রয়োজনীয় ভূমিকা রেখেছে। তারা মুক্তিযুদ্ধে রণক্ষেত্রে যেমন লড়াই করেছে তেমনি আন্তর্জাতিক পর্যায়ে মুক্তিযুদ্ধের পক্ষে সমর্থন আদায় সর্বাত্মক ভূমিকা রেখেছে।”
মুক্তিযুদ্ধ চলাকালে সাংস্কৃতিক ক্ষেত্রে কমিউনিস্টদের ভূমিকা রাখার কথা তুলে ধরেন তিনি।
প্রতিষ্ঠাবার্ষিকীর এই সভায় নেতাকর্মীদের জোরদার সাংগঠনিক কর্মকাণ্ড ও আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান সিপিবির সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ আলম। সভার সঞ্চালনয় ছিলেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন।
