চট্টগ্রামে চিকিৎসাধীন অবস্থায় হাজতির মৃত্যু
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন এক হাজতি।
সোমবার সকালে আলী আজমকে (৩১) কারা হাসপাতাল থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছিল বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার কামাল হোসেন।
তিনি বলেন, মেডিসিন ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১২টার দিকে মারা যান আজম।
মৃত আলী আজম সীতাকুণ্ড উপজেলার সৈয়দপুর গ্রামের বাসিন্দা আবু তাহেরের ছেলে।
আলী আজম সাড়ে তিন বছর ধরে কারাগারে আটক ছিলেন বলে জানিয়েছেন জেল সুপার।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীতাকুণ্ড থানার একটি হত্যা মামলায় ২০১৫ সালের ৮ অক্টোবর থেকে আলী আজম কারাগারে ছিলেন। কয়েকদিন ধরে অসুস্থ থাকায় কারা হাসপাতালে ভর্তি ছিলেন।”
কামাল হোসেন বলেন, “মৃত্যু সনদে চিকিৎসক আলী আজমের মৃত্যুর কারণ হিসেবে ‘জেনারেল উইকনেস উইথ হাইপারটেনশন’ উল্লেখ করেছেন।”
